ডারবান টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
দারুণ চেষ্টা করেছিলেন ডিন এলগার, কিন্তু সতীর্থদের কাছ থেকে তিনি খুব একটা সহায়তা না পাওয়ায় কোনো কাজ হয়নি। মইন আলির চমৎকার বোলিংয়ের পর জো রুটের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে চালকের আসনে বসেছে ইংল্যান্ড।
প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান। প্রথম ইনিংসে ৮৯ রানের লিড নেওয়া দলটি এগিয়ে রয়েছে ২৬১ রানে।
রুট ৬০ ও জেমস টেইলর ২৪ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে এরই মধ্যে ৫৩ রানের জুটি গড়েছেন এই দুই জনে।
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক আবারও ব্যর্থ হয়েছেন। ড্যান পিটের বলে এলিবডব্লিউ হওয়ার আগে ৭ রান করেন তিনি।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্স হেলসকেও ফেরান অফ স্পিনার পিট। তার বলে কাইল অ্যাবটকে ক্যাচ দিয়ে ২৬ রানে শেষ হয় অভিষিক্ত হেলসের দ্বিতীয় ইনিংস।
৪৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড একশ’ পার করে নিক কম্পটন ও রুটের ৭১ রানের জুটিতে। ১ রানের জন্য অর্ধশতক পাওয়া হয়নি কম্পটনের (৪৯)। এবি ডি ভিলিয়ার্সের গ্লাভস বন্দি হয়ে তার বিদায়ে ভাঙে ২৩.৩ ওভার স্থায়ী তৃতীয় উইকেট জুটি।
দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন রুট-টেইলর। দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা সুযোগগুলো কাজে লাগাতে পারলে খেলার চিত্রটা ভিন্নও হতে পারত।
এর আগে সোমবার কিংসমিডে ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় বলেই টেম্বা বাভুমাকে ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। এরপর প্রায় একাই খেলতে হয়েছে এলগারকে।
৫০তম ব্যাটসম্যান হিসেবে আদ্যন্ত ব্যাটিং করা এলগার অন্য প্রান্ত থেকে খুব একটা সহায়তা পাননি। মইনের ঘূর্ণিতে একে একে ফিরে যেতে দেখেন সতীর্থদের। শেষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল ডেল স্টেইনই (১০) দুই অঙ্ক ছুঁতে পারেন।
২১৪ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যাওয়ার সময় ১১৮ রানে অপরাজিত থাকেন এলগার। এই উদ্বোধনী ব্যাটসম্যানের ২৪৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও একটি ছক্কায়। ৩৮৬ মিনিট ধরে ক্রিজে থাকা এলগার পেয়েছেন চতুর্থ শতক।
ইংল্যান্ডের ব্রড (৪/২৫) ও মইন (৪/৬৯) চারটি করে উইকেট নেন। অন্য দুটি উইকেট নেন পেসার স্টিভেন ফিন।
