২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু থেকে শেষের ৫০তম নজির এলগারের

ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্টে আদ্যন্ত ব্যাটিং করেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগার। টেস্ট ইতিহাসে সম্পূর্ণ হওয়া ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে যাওয়ার পঞ্চাশতম ঘটনা এটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

ডারবান টেস্টের তৃতীয় দিনে সোমবার ২১৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্তে অটুট ছিলেন এলগার। আগের দিন ব্যাটিংয়ে নামা বাঁহাতি ওপেনার শেষ পর্যন্ত উইকেটে ছিলেন ১১৮ রানে।

এলগারের এই ইনিংসে ২ হাজার ১৯৬ টেস্টে আদ্যন্ত ব্যাটিংয়ের অর্ধশতক দেখল টেস্ট ক্রিকেট। এই ক্লাবের সূচনাও কিন্তু হয়েছিল এলগারের এক স্বদেশীর হাত ধরে। ইনিংসটি ছিল মাত্র ২৬ রানের!

১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেই কেপ টাউনে ৪৭ রানে গুটিয়ে গিয়েছিল সেই সময়ের নবীন টেস্ট খেলুড়ে দেশ দক্ষিণ আফ্রিকা। ওপেনার বার্নার্ড টানক্রিড অপরাজিত ছিলেন ২৬ রানে। সেটিই টেস্ট ইতিহাসের প্রথম ‘ক্যারিয়িং দা ব্যাট থ্রু আ কমপ্লিটেড ইনিংস’।

এখনও পর্যন্ত সেটি আদ্যন্ত ব্যাট করে সবচেয়ে কম রানের রেকর্ডও। পরে কাছাকাছি গিয়েছিলেন বিল উডফুল। ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে ৬৬ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওপেনার উডফুল অপরাজিত ছিলেন ৩০ রানে।

সেই উডফুল পরে ১৯৩৩ সালেও আদ্যন্ত ব্যাট করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই। একাধিকবার ‘ব্যাট ক্যারি’ করার প্রথম নজির সেটিই।

পরে আরও সঙ্গী পেয়েছেন উডফুল। দুবার করে আদ্যন্ত ব্যাট করেছেন উডফুলের উত্তরসূরি ও পরবর্তীতে জনপ্রিয় ধারাভাষ্যকার বিল লরি। ইংল্যান্ডের লেন হাটন ও নিউ জিল্যান্ডের গ্লেন টার্নারও তা করেছেন দুবার করে। তবে তিন বার আদ্যন্ত ব্যাট করে সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্স।

এলগারের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষে এ নজির দেখিয়েছিলেন গ্যারি কারস্টেন, ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে।

এলগার ঢুকেছন আরেকটি ছোট্ট ক্লাবেও। ডারবানের শতকে ২২ টেস্টে ৪ শতক হয়ে গেল এলগারের। অথচ ২০১২ সালে টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেয়েছিলেন ‘পেয়ার’, মানে দুই ইনিংসেই শূন্য! অভিষেকে ‘পেয়ার’ পাওয়া ক্রিকেটারদের মধ্যে পরে আদ্যন্ত ব্যাট করতে পেরেছেন এলগার ছাড়া আর মাত্র তিনজন, ইংল্যান্ডের গ্রাহাম গুচ, শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও পাকিস্তানের সাঈদ আনোয়ার।

বাংলাদেশের কেবল একজনই দেখিয়েছেন আদ্যন্ত ব্যাট করার বীরত্ব। সেটাও অভিষেক টেস্টেই। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েওতে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে জাভেদ ওমর বেলিম করেছিলেন ৮৫ রান।

অভিষেকেই আদ্যন্ত ব্যাট করার নজির টেস্ট ইতিহাসেই আছে আর মাত্র একটি। ১৮৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩২ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের পেলহাম ওয়ার্নার।