গাপটিলকে রেকর্ড মনে করিয়ে দিয়েছিলেন আম্পায়ার!
দ্রুততম অধর্শতকের রেকর্ড গড়ার সম্ভাবনার কথা খেয়াল ছিল না মার্টিন গাপটিল। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ মনে করিয়ে দেওয়ার পরই কেবল উপলব্ধি হয়েছিল কিউই এই ওপেনারের।
সোমবার গাপটিলের ৩০ বলে অপরাজিত ৯৩ রানের টর্নেডো ইনিংসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে নিউ জিল্যান্ড। ১১৮ রান তাড়ায় মাত্র ২.৪ ওভারেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে কিউইরা, ১০ উইকেটে জিতে যায় ৮.২ ওভারেই।
গাপটিলের রান এক পর্যায়ে ছিল ১২ বলে ৪৬। এবি ডি ভিলিয়ার্সের ১৬ বলে অর্ধশতকে রেকর্ড তখন হুমকির মুখে। কিন্তু দুশমন্থ চামিরার একটি স্লোয়ার বল, নুয়ান কুলাসেকেরার দুটি ইয়র্কার ও সাচিত্রা সেনানায়েকের বলে একটি কাট শট মিসটাইমিং করায় সেটি আর হয়ে ওঠেনি। ১৭ বলে পঞ্চাশ ছুঁয়ে দেশের রেকর্ড গড়েছেন গাপটিল, বিশ্ব রেকর্ড হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গাপটিল জানালেন, রেকর্ডের হাতছানি অজানাই ছিল তার।
“আমি চেষ্টা করছিলাম যত দ্রুত যত বেশি সম্ভব রান করতে। পরিকল্পনা ছিল শুরু থেকেই আক্রমণাত্মক খেলা। রেকর্ডের কথা প্রথম ভাবলাম যখন আম্পায়ার আমাকে বললেন, ‘রেকর্ড গড়ার জন্য আর দুটি বল আছে তোমার হাতে।’ তখনই প্রথম রেকর্ডের কথা মাথায় এসেছিল।”
