২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং গড় ৫৪২‍!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডাম ভোজেসের ব্যাটিং গড় এখন ৫৪২! কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে এটি ক্রিকেট ইতিহাসেরই সেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:15 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের অভিষেক থেকেই তাকে আউট করার উপায় খুঁজছেন ক্যারিবিয়ান বোলাররা।

গত জুনে ৩৫ বছর ২৪২ দিন বয়সে টেস্ট ক্যাপ মাথায় তুলেছিলেন ভোজেস। ডমিনিকায় সেই ম্যাচে নিজের একমাত্র ইনিংসে অপরাজিত ছিলেন ১৩০ রানে। পরের টেস্টের একমাত্র ইনিংসে ৩৭ রান করে আউট হয়েছিলেন জেরম টেইলরের বলে। সেটিই এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভোজেসের একমাত্র আউট!

চলতি ফ্র্যাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ২৬৯ রানে। সেটিও দ্বিতীয় দিন লাঞ্চের আগেই। হাতে সময় ছিল যথেষ্টই, স্টিভেন স্মিথ ইনিংস ঘোষণা না করলে ভোজেস কোথায় থামতেন, কে জানে!

ভোজেসের রানের স্রোত তাতে থমকে যায়নি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে রোববার আবারও ছুঁলেন তিন অঙ্ক। যথারীতি স্মিথ ইনিংস ঘোষণার সময় অপরাজিত ভোজেস। এবার রান ১০৬। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান ৫৪২, একবার আউট হওয়ায় গড়টাও তাই!

ইনিংস বা টেস্ট ম্যাচের সংখ্যার কোনো মানদণ্ড ধরেও এটি এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বকালের সেরা ব্যাটিং গড়। এর আগে এই রেকর্ডের ভার বইছিল বাংলাদেশ। ২০০৩ সালে অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২২২ রানে অপরাজিত ছিলেন জ্যাক রুডলফ। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান পরের টেস্টে আউট হয়েছিলেন ৭১ রানে। বাংলাদেশের বিপক্ষে আর টেস্ট খেলা হয়নি বাঁহাতি এই ব্যাটসম্যানের, গড় তাই ২৯৩!

রোববারের শতকে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন ভোজেস। অভিষেকের বছরেই হাজার রান! এই বছর টেস্টে ১ হাজার ২৮ রান হলো ভোজেসের। গত জুনে অভিষেক, এই রান করেছেন আসলে তাই ৬ মাসে। অভিষেক বছরে হাজার রানের মাইলফলক ছুঁতে পেরেছিলেন টেস্ট ইতিহাসে এর আগে মাত্র ২ জন। ১৯৮৯ সালে ১ হাজার ২১৯ রান করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার মার্ক টেইলর। ২০০৬ সালে এখনকার ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক করেছিলেন ১ হাজার ১৩ রান।

দ্বিতীয় দিনেই বক্সিং ডে টেস্টের যা চিত্র, তাতে ওই টেস্টে আরেকবার ভোজেসের ব্যাটিং পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। টেইলরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা তাই হয়ত পাচ্ছেন না।

এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গড়:

ব্যাটসম্যান

প্রতিপক্ষ

ইনিংস

অপরাজিত

রান

গড়

১০০/৫০

অ্যাডাম ভোজেস

ওয়েস্ট ইন্ডিজ

৪

৩

৫৪২

৫৪২.০০

৩/০

জ্যাক রুডলফ

বাংলাদেশ

২

১

২৯৩

২৯৩.০০

১/১

রোহিত শর্মা

ওয়েস্ট ইন্ডিজ

২

১

২৮৮

২৮৮.০০

২/০

ডেভিড লয়েড

ভারত

২

১

২৬০

২৬০.০০

১/০

স্টিভ ওয়াহ

বাংলাদেশ

২

২

২৫৬

---

২/০

মোহাম্মদ ইউসুফ

বাংলাদেশ

৬

৪

৫০৩

২৫১.৫০

২/২

ম্যাথু হেইডেন

জিম্বাবুয়ে

৩

১

৫০১

২৫০.৫০

২/০

জেসন গিলেস্পি

বাংলাদেশ

৪

৩

২৪৭

২৪৭.০০

১/০

মার্টিন গাপটিল

বাংলাদেশ

২

১

২৪৫

২৪৫.০০

১/১

বিনোদ কাম্বলি

জিম্বাবুয়ে

১

০

২২৭

২২৭.০০

১/০

অভিষেক বছরে সবচেয়ে বেশি রান:

ব্যাটসম্যান

সাল

রান

গড়

শতক

মার্ক টেইলর

১৯৮৯

১২১৯

৬৪.১৬

৪

অ্যাডাম ভোজেস

২০১৫

১০২৮

৮৫.৬৭

৪

অ্যালেস্টার কুক

২০০৬

১০১৩

৪৬.০৫

৪

অ্যান্ড্রু স্ট্রাউস

২০০৪

৯৭১

৬০.৬৯

৪

সুনিল গাভাস্কার

১৯৭১

৯১৮

৮৩.৪৫

৪