শর্ত ছাড়াই ক্যাম্পে ফিরছেন হাফিজ, আজহার
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি আর অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ কোনো শর্ত ছাড়াই দলের চলতি অনুশীলন ক্যাম্পে ফিরতে রাজি হয়েছেন।
নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে লাহোরে একটি কন্ডিশনিং ক্যাম্প করছে পাকিস্তান। ঘরোয়া ক্রিকেটে খেলা শেষ করে গত বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি আজহার ও হাফিজ।
পাকিস্তান দলের ম্যানেজার আঘা আকবর পরে জানিয়েছিলেন, স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে ২৬ জনের দলে রাখায় ক্যাম্পে যাননি তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে দেখা করার পর কোনো শর্ত ছাড়াই ক্যাম্পে যোগ দিতে রাজি হন আজহার ও হাফিজ।
শাহরিয়ার বলেন, “তারা দুজনেই দেখা করেছে এবং অনুশীলন ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদের শঙ্কার বিষয়টিতে সম্মান জানাই; কিন্তু তাদের বলেছি, এর মধ্যে কিছু গ্রহনযোগ্য নয়। তাই তারা বুঝতে পেরেছে এবং নিশ্চিত করেছে যে, তারা আমাদের মতোই ভাবছে।”
হাফিজ জানান, শাহরিয়ার তার কথা শুনতে সময় দিয়েছেন বলে খুশি তিনি। দেশের গৌরবের ক্ষতি করা কাউকে সুযোগ না দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান হাফিজ।
আমিরের সঙ্গে এক দলে খেলবেন না বলে বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা গত নভেম্বরে পাকিস্তানের একটি পত্রিকাকে বলেছিলেন হাফিজ।
