২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেনরি-ম্যাককালামের নৈপুণ্যে লঙ্কাকে হারাল নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কার শুরুটা ভালো হলো না। বোলারদের নৈপুণ্যের পর ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ে সহজেই ৭ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 02:49 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শনিবার ক্রাইস্টচার্চে পাঁচ ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে ৪৭ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটে ২৯ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

টসে জিতে ব্যাট করতে নামলেও প্রত্যাশিত শুরুটা পায়নি শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই দানুশকা গুনাথিলকাকে কট বিহাইন্ড করেন অ্যাডাম মিলনে।এরপর তিলকারত্নে দিলশানকে (৯) ফেরান ডানহাতি মিডিয়াম পেসার ম্যাট হেনরি।

উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারানোর পর ইনিংসকে স্থিরতা এনে দিতে পারেননি দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নে। হেনরির পরের ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন থিরিমান্নে। পরের বলেই স্লিপে ক্যাচ দিযে ফেরেন ম্যাথিউস।

কন্ডিশনকে কাজে লাগিয়ে দারুণ বোলিং করতে থাকা হেনরির বলে দশম ওভারে স্লিপে রস টেইলরকে ক্যাচ দিয়ে ফেরত যান চান্দিমালও। শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৭।

চামারা কাপুগেদারা ও নুয়ান কুলাসেকারাকে নিয়ে প্রতিরোধ গড়ে ভরাডুবি থেকে দলকে বাঁচান মিলিন্দা সিরিবর্ধনা। যষ্ঠ উইকেটে কাপুগেদারার সঙ্গে ৩৮ রান তোলার পর কুলাসেকারার সঙ্গে জুটি বেধে ৯৮ রান তোলেন এই অলরাউন্ডার।

৮২ বলে সিরিবর্ধনার ৬৬ রান আর কুলাসেকারার অর্ধশতকে (৫৮) নিউ জিল্যান্ডকে ১৮৯ রানের লক্ষ্য দেয় অতিথিরা।

নিউ জিল্যান্ডের সবচেয়ে সফল বোলার হেনরি ৪৯ রানে পান ৪ উইকেট। শ্রীলঙ্কার লেজ মুড়ে দিতে ডগ ব্রেসওয়েল ৩টি ও মিচেল ম্যাকক্লেন্যাগ্যান ২টি উইকেট নেন।

২৫ বলে ৫৫ রান তুলে নিউ জিল্যান্ডের রান তাড়া করার কাজটা সহজ করে দেন ম্যাককালাম। ঝড়ো এই ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল একটি ছয়।

একাদশ ওভারে ম্যাককালাম ফিরে যাওয়ার আগেই নিউ জিল্যান্ড ১০৮ রান তুলে ফেলে। এরপর গাপটিল নিউ জিল্যান্ডকে জয়ের দিকে নিয়ে যান। ল্যাথাম (১৮) আউট হওয়ার পর ৭৯ রান করে ফিরে যান এই ডানহাতি ব্যাটসম্যান। অভিষিক্ত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও টেইলর অপরাজিত থাকেন। ২১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

আগামী সোমবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

এর আগে টেস্ট সিরিজের দুটি ম্যাচেই হারে শ্রীলঙ্কা।