বোলিং স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের যুবাদের
শক্তিশালী বোলিং আক্রমণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। কোচ মিজানুর রহমান ও অধিনায়ক মেহেদি হাসান মনে করছেন, বোলিংই হবে স্বাগতিকদের সবচেয়ে বড় শক্তি।
দুই বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন গাজী ও আরিফুল ইসলামের সঙ্গে আছেন অফ স্পিনার সঞ্জিত সাহা। অধিনায়ক মেহেদি ও সাঈদ সরকারের অফ স্পিনও যথেষ্ট কার্যকরী। তাই টুর্নামেন্টে স্পিনের ওপর অনেকটা নির্ভর করবেন কোচ মিজানুর।
“আমাদের শক্তির দিক স্পিন। স্পিন আমাদের মন্থর উইকেটে তো ভালো করছিই দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটেও ভালো করেছি।”
দক্ষিণ আফ্রিকা সফরে বোলিং উদ্বোধন করেছিলেন মেহেদি। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচেও বোলিং উদ্বোধন করেন এই অলরাউন্ডার। মিজানুর মনে করেন, বোলিং-ফিল্ডিং নিয়ে খুব ভালো অবস্থানে আছেন তারা। ব্যাটসম্যানরা আরেকটু এগিয়ে এলে বিশ্বকাপে ভালো কিছুই করবে বাংলাদেশ।
“বোলিং নিয়ে আমি শুরু থেকেই সন্তুষ্ট। সন্তুষ্ট বলতে ভালো করছে সবাই। তবে শাওন আর মিরাজ (মেহেদি হাসান) আমাদের দুই ম্যাচ উইনার।”
স্পিন বোলিংকে নিজেদের শক্তি দিক মানছেন অধিনায়ক মেহেদিও।
“স্পিনে শাওন, সাঈদ, সঞ্জিত, আমি আছি। আমাদের স্পিনাররা গত দুই বছর ধরেই ভালো করছে।”
সাইফ উদ্দিন, মেহেদি হাসান রানা ও আব্দুল হালিমে গড়া পেস আক্রমণকেও পিছিয়ে রাখছেন না বাংলাদেশের অধিনায়ক।
“পেস বোলিংও ভালো, বিশেষ করে হালিম ভালো করছে। মেহেদি হাসান রানাও অনেকদিন পর ফর্মে ফিরেছে। এছাড়া সাইফ আছে। স্লগ ওভারে আর ‘ব্রেক থ্রু’ এনে দেওয়ার জন্য ও-ই সেরা বোলার। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এমন বোলার আমি খুবই কম দেখেছি।”
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের।
