পেশাওয়ারে তামিমদের ‘মেন্টর’ ইমরান খান
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টির দল পেশাওয়ার জালমিতে পরামর্শক হিসেবে কাজ করতে রাজি হয়েছেন ইমরান খান।
পাকিস্তানের সাবেক অধিনায়ককে দলের পরামর্শকের ভূমিকায় পাওয়ার কথা জানিয়েছেন শহীদ আফ্রিদি, তামিম ইকবালদের দলটির মালিক।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে পেশাওয়ারের মালিক জাভেদ আফ্রিদি বলেন, “ইমরান খান আমাদের দলের পরামর্শক হয়েছেন। তিনি যেহেতু পাকিস্তান ক্রিকেটের সেরার প্রতীক, এ নিয়ে আমরা খুব আনন্দিত। তার অভিভাকত্ব আর পরামর্শে আমরা লাভবান হবো।”
পাকিস্তানের হয়ে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটকে বিদায় জানান ইমরান। ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নামার পর ইমরান খেলাটির সঙ্গে খুব কমই সম্পর্ক রাখেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে বলতে গেলে ইমরানের তেমন অভিজ্ঞতা নেই। কিন্তু পেশাওয়ারের মালিক জাভেদ এতে পাত্তা না দিয়ে ইমরানের উপস্থিতিকেই বড় করে দেখছেন। ইমরানের ক্রিকেট দর্শনই তরুণ ক্রিকেটারদের উপকৃত করবে বলে মনে করেন তিনি।
পিএসএলে আফ্রিদির নেতৃত্বে খেলবে পেশাওয়ার। ‘গোল্ড' ক্যাটেগরি থেকে বাংলাদেশের মারমুখী উদ্বোধনী ব্যাটসম্যান তামিমকে দলে নেয় তারা।
পিএসএলের সবচেয়ে দামি ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ থেকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয় করাচি কিংস। এই দলে তার সঙ্গী বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও।
‘গোল্ড’ ক্যাটেগরি থেকে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স।
সংযুক্ত আরব আমিরাতে পিএসএল শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
