২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপিএল এখন আর ততটা পীড়াদায়ক নয়’

পারিশ্রমিক পরিশোধে জটিলতা, ম্যাচ পাতানো কেলেঙ্কোরী- এমনতর নানা সমস্যায় এক সময়ে বিপিএলকে পীড়াদায়ক মনে হয়েছিল বিসিবি প্রধান নাজমুল হাসানের। সেই সব জটিলতা অনেকাখানি কমিয়ে আনায় তৃতীয় আসরের পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নমেন্টকে এখন আর ততটা পীড়াদায়ক মনে হচ্ছে না তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 07:46 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএলের তৃতীয় আসর নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান। এ সময় তিনি জানান, অনেক পরিশ্রমে এবারের বিপিএলকে সফল করতে পেরেছেন তারা।

“বিপিএল প্রথম ও দ্বিতীয় আসরে বেশ কিছু সমস্যা ছিল। এর মধ্যে (খেলোয়াড়দের ) পেমেন্ট এবং ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে বোর্ডের যে পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল সেটা নিয়ে একটি সমস্যা ছিল। দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিং নিয়ে একটা সমস্যা ছিল।”

“সেদিক থেকে চিন্তা করলে এবারের বিপিএলটা আগের দুই আসরের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল করতে পেরেছি। এবার দলগুলো তাদের খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক শোধ করে দিয়েছে। এটা আমাদের একটি সফলতা, পেমেন্ট নিয়ে কোন সমস্যায় পড়তে হয়নি। এমন কোনো অভিযোগ আমরা পাইনি,” যোগ করেন নাজমুল হাসান।

গত ২২ নভেম্বর থেকে শুরু হয় বিপিএলের তৃতীয় আসর। ১৫ ডিসেম্বর শেষ হওয়া টুর্নামেন্টের শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের আসরে সব খরচ বাদ দেওয়ার পরও ২৫ কোটি টাকা থেকে গেছে বিসিবির হাতে। তবে লাভ নিয়ে চিন্তা করে টুর্নামেন্ট আয়োজন করা হয়নি বলে জানান নাজমুল হাসান।

এখনও আগের বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সব বকেয়া পায়নি তারা। তাই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

“তিনটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। আমরা মামলা করব। ওই টাকা দিতে হবে। ৭০ কোটি টাকা বাকি ছিল। ৫০ কোটি টাকা আমরা উঠিয়ে নিয়েছি। এখনও পড়ে আছে ২০ কোটি টাকা।”

বিপিএল বিসিবির আয়ের অন্যতম উৎস। এই টুর্নামেন্টে টাকা পরিশোধ নিয়ে জটিলতায় কয়েকটি ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেয় বিসিবি। নাজমুল হাসান জানান, এটি তাদের জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল।

“আমি দায়িত্ব নেয়ার পর বিপিএলকে খুবই পীড়াদায়ক এক আয়োজন মনে হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার এসে কমিটমেন্ট করে যাচ্ছে টাকা দিবে, কিন্তু দেয়নি। ম্যাচ ফিক্সিংয়ের ভয়, খেলোয়াড়দের পেমেন্ট; আরো নানা বিষয় নিয়ে কাজ করতে হয়েছে। এই বিপিএলে আমার মনে হচ্ছে, বড় ধরনের যে সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে। এটাকে এখন আর ততটা পীড়াদায়ক মনে হচ্ছে না।”

বিসিবি সভাপতির কাছে এবারের বিপিএলের সফলতা নানামুখী, “আমাদের এখানে জঙ্গি তৎপরতার কথা বলে দুয়েকটি সিরিজ বাতিল হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকা নারী দলও আসেনি। তারপরও ৬৫ জন বিদেশি খেলোয়াড়, ছয় জন কোচ ও ফিজিও টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তারা প্রত্যেকেই বলেছে, বাংলাদেশে খেলতে তারা ‘ইজি ফিল’ করেন।”

নিরাপত্তা ঝুঁকির কথা বলে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথদের পর দুই দফা সিরিজ স্থগিত করে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।