২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামসনের ব্যাটে জয়ের পথে নিউ জিল্যান্ড

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে কম রানে বেধে রাখার পর কেন উইলিয়ামসনের দৃঢ়তায় জয়ের পথে রয়েছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

তৃতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। উইলিয়ামসন ৭৮ ও বিজে ওয়াটলিং শূন্য রানে ব্যাট করছেন। জয়ের জন্য আর ৪৭ রান চাই স্বাগতিকদের। সেডন পার্কের পিচে এই লক্ষ্যে পৌঁছানো সহজ নাও হতে পারে।

১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া দুশমন্থ চামিরা ১১ রানের মধ্যে ফিরিয়ে দেন স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

৬৭ রানে জুটিতে রস টেইলের সঙ্গে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। ৩৫ রান করা টেইলরকে ফিরিয়ে এই জুটি ভাঙার কৃতিত্বও চামিরার। উইলিয়ামসনের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ফিরে যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও।

চামিরার বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দিয়ে শেষ হয় ম্যাককালামের ১৮ রানের ইনিংস। দিনের শেষ সময়ে মিচেল স্যান্টনারকে ফিরিয়ে শ্রীলঙ্কার আশা বাঁচিয়ে রাখেন সুরঙ্গা লাকমল।

প্রথম ইনিংসে ৫৫ রানের লিড নেওয়া শ্রীলঙ্কা পুরোপুরি ব্যর্থ হয়েছে দ্বিতীয় ইনিংসে। দিমুথ করুনাত্নে ও কুশল মেন্ডিসের ৭১ রানের উদ্বোধনী জুটির পরও ১৩৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

টিম সাউদি, নেইল ওয়াগনার, ডগ ব্রেসওয়েলের মারাত্মক বোলিংয়ে ৬২ রানে শেষ ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নে (২৭) ও মেন্ডিস (৪৬) ছাড়া দুই অঙ্কে ছুঁতে পেরেছেন কেবল মিলিন্দা সিরিবর্ধনে (২৬)।

২৬ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার সাউদি। ওয়াগনার ৩ উইকেট নেন ৪০ রানে।

এর আগে রোববার ৯ উইকেটে ২৩২ রান নিয়ে খেলা শুরু করে নিউ জিল্যান্ড। পাঁচ রান যোগ করেই ২৩৭ রানে অলআউট হয়ে যায় দলটি। শূন্য রানে ফিরে যান এগারো নম্বর ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট। ৩৫ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।