‘পরাধীনতার শেকলে’ ক্ষুব্ধ ক্রিকেটাররা
ঢাকা প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েজ-এ পদ্ধতিতে দল নির্ধারনের সিদ্ধান্তের বিপক্ষে ক্রিকেটাররা। ক্রিকেটারদের মতামত নিয়ে বিসিবি প্রধানের কাছে সিদ্ধান্ত বদলের আবেদন করা হবে বলে জানালেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় চূড়ান্ত হয় ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এর প্রস্তাব। ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছিলেন সিসিডিএম সদস্য সচিব রাকিব হায়দার পাভেল।
“প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির প্রস্তাব পাশ হয়েছে ৮-৩ ভোটে। বিপক্ষে ভোট দিয়েছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া স্পোর্টিং। লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিনিধি ছিল না। আর বাকি সব ক্লাবই পক্ষে ভোট দিয়েছে।”
খবরটি জানার পর থেকেই ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। ক্রিকেটারদের মনেও দানা বাঁধতে শুরু করেছে ক্ষোভ।
প্রায় ১৪ বছর ধরে ঢাকার শীর্ষ এই লিগে খেলছেন আব্দুর রাজ্জাক। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, ক্রিকেটারদের পায়ে শেকল পড়ানোর সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়।
“সত্যিই এই সিদ্ধান্ত হলে শেষ পর্যন্ত খেলতেই হবে। কিন্তু ক্রিকেটারদের জন্য এটা মেনে নেওয়া কঠিন। নিজের পছন্দ মতো দল ও উপযুক্ত পারিশ্রমিক না পেলে খেলার আগ্রহই অনেক কমে যায়।”
বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারি বোলারের মতে, হাতে গোণা কজন ছাড়া বেশির ভাগ ক্রিকেটারই ক্ষতিগ্রস্থ হবে এই সিদ্ধান্তে।
“জাতীয় দল বা এর আশেপাশে থাকা ক্রিকেটাররা হয়ত বেশিরভাগই মোটামুটি পারিশ্রমিক পাবে। কিন্তু তাদের চেয়ে এই টাকাটা বেশি দরকার অন্য ক্রিকেটারদের। যাদের অনেকের মূল জীবিকা ক্রিকেট, তাকিয়ে থাকে ঢাকা লিগের দিকেই। তাদের জন্য এটা বড় আঘাত। কম টাকা পেলে তারা আস্তে আস্তে খেলা ছেড়ে দেবে, উঠতি বয়সীরাও আগ্রহ হারাবে ক্রিকেটে।”
ঢাকা লিগের সঙ্গে আরেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনেরও সম্পর্ক দীর্ঘ দিনের। ঘরোয়া ক্রিকেটে দলগুলোর অন্যতম আকাঙ্ক্ষিত এই ক্রিকেটার তুলে ধরলেন আরেকটা দিক।
“জাতীয় ক্রিকেটারদের বাইরে বাকিদের আয়ের মূল উৎস এই লিগ। তাদের জন্য বড় ধাক্কা তো বটেই। আরেকটা ব্যাপারও আছে। ক্রিকেটারদের উপযুক্ত মূল্যায়নই যদি না হয়, তাহলে খেলে কি লাভ? নিজের পছন্দে দল বাছাইয়ের স্বাধীনতা অন্তত সবার থাকা উচিত!”
যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে দলবদল হয়ে এলেও ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (যেটি হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে) প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ। এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিজস্ব পছন্দে দল বাছাইয়ের সুযোগ থাকে না। বিভিন্ন ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। এর পর ঠিক করা হয় ক্লাবগুলোর ক্রম। সেই অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটেগরি থেকে ক্রিকেটারদের ডেকে নেয় ক্লাবগুলো। সদ্য সমাপ্ত বিপিএলেও এই পদ্ধতিতেই নির্ধারিত হয়েছিল ক্রিকেটারদের দল।
গতবারের প্লেয়ার্স বাই চয়েজ-এর অভিজ্ঞতার কারণে এবার আরও বেশি শঙ্কিত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত নাম মার্শাল আইয়ুব।
“প্রথমত এই পদ্ধতিতে বেশির ভাগ ক্রিকেটারই উপযুক্ত টাকা পায় না। তার ওপর আবার, যে টাকা ঠিক করে দেয় বোর্ড, সেই টাকাও পাওয়া যায় না। গতবার আমি নিজের গ্রেড অনুযায়ী টাকা পাইনি। আরও অনেকেই পায়নি। টাকার কথা বলুন বা খেলার স্বাধীনতা, কোনো দিক থেকেই এটি ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো কিছু নয়।”
তরুণদের প্রতিনিধি, জাতীয় দলে ঢোকার লড়াইয়ে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান (সোহান) অবশ্য তুলে ধরলেন অর্থের সীমানা ছাড়িয়ে আরও একটি সমস্যার কথা।
“এই পদ্ধতিতে আমরা কেউ আগে থেকে জানতে পারি না কে কোন দলে খেলছি। সবার পছন্দের দল থাকে, সম্পর্কের ব্যাপার থাকে। ক্রিকেট অনেকটাই মানসিক খেলা। উপযুক্ত পারিশ্রমিক বা পছন্দের দল না পেলে, কিংবা অস্বস্তি নিয়ে কোনো দলে খেললে পারফরম্যান্স কিছুই হয় না।”
দৃশ্যপটে কোয়াব
সিদ্ধান্তটি হওয়ার পর খানিকটা নড়েচড়ে বসেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানালেন, তারা কাজ শুরু করে দিয়েছেন।
“আমরা ক্রিকেটারদের মতামত নিচ্ছি। এখনও পর্যন্ত সবার মত বিপক্ষেই পেয়েছি আমরা। সেটাই স্বাভাবিক। আরও অনেকের মতামত নিচ্ছি আমরা। সিসিডিএমের সিদ্ধান্তই শেষ কথা নয়। আমরা মাননীয় বিসিবি প্রধানের কাছে আবেদন জানাব ক্রিকেটারদের দিকটা বিবেচনা করার।”
বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেরবার বলেছিলেন, প্লেয়ার্স বাই চয়েজ ওই একবারের জন্যই। তবে সিসিডিএম সদস্য সচিব রাকিব হায়দার পাভেল জানিয়েছেন, এবার দলবদলের পদ্ধতি ক্লাবগুলোর ওপরই ছেড়ে দিয়েছেন বোর্ড সভাপতি।
সেবার এই পদ্ধতি প্রবর্তনের পর আন্দোলনের চেষ্টা করেছিল কোয়াব। কিন্তু শেষ পর্যন্ত নানা বাধা ও সীমাবদ্ধতায় জমে ওঠেনি সেই আন্দোলন। সংগঠনের সাধারণ সম্পাদকের আশা, এবার তাদের উদ্যোগ ফলপ্রসূ হবে।
“গতবার আমরা জাতীয় ক্রিকেটারদের পাশে পাইনি সেভাবে। সেজন্য শেষ পর্যন্ত সফল হতে পারিনি। এবার জাতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা হচ্ছে। তাদেরও মত নেই। আশা করি, সবাই মিলে দাবিটা জানালে বিসিবি প্রধান সেটা অবশ্যই মেনে নেবেন।”
