২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল-বদলের বাজারে আবারও পরাধীন সাকিব-মাশরাফিরা

২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে স্বাধীনভাবে নিজেদের দল বাছাই করতে পারবেন না ক্রিকেটাররা। ‘প্লেয়ার্স বাই চয়েজ’ পদ্ধতিতে ক্রিকেটারদের দল নির্ধারণের পক্ষে ভোট দিয়েছে ক্লাবগুলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 08:10 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় চূড়ান্ত হয়েছে ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এর প্রস্তাব। ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সিসিডিএম সদস্য সচিব রাকিব হায়দার পাভেল।

“প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির প্রস্তাব পাশ হয়েছে ৮-৩ ভোটে। বিপক্ষে ভোট দিয়েছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া স্পোর্টিং। লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিনিধি ছিল না। আর বাকি সব ক্লাবই পক্ষে ভোট দিয়েছে।”

সিসিডিএম সদস্য সচিব জানালেন, আগামী মার্চে হতে পারে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ। দিনক্ষণ চূড়ান্ত হতে পারে আগামী বৃহস্পতিবার। ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে মূল্য নির্ধারণের জন্য শিগগিরই বিসিবির কাছে প্রস্তাব পাঠাবে সিসিডিএম।

যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে দলবদল হয়ে এলেও ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (যেটি হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে) প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ। এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিজস্ব পছন্দে দল বাছাইয়ের সুযোগ থাকে না। বিভিন্ন ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। এর পর ঠিক করা হয় ক্লাবগুলোর ক্রম। সেই অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটেগরি থেকে ক্রিকেটারদের ডেকে নেয় ক্লাবগুলো। সদ্য সমাপ্ত বিপিএলেও এই পদ্ধতিতেই নির্ধারিত হয়েছিল ক্রিকেটারদের দল।

তবে ঢাকা প্রিমিয়ার লিগে এই পদ্ধতি আগেরবার সমালোচিত হয়েছিল তুমুলভাবে। ক্রিকেটারদের একটা বড় অংশ, বিশেষ করে জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের ছাড়া বাকি সব ক্রিকেটারের আয়ের মূল উৎস এই ঢাকা লিগ। এই টুর্নামেন্টেই ক্রিকেটারদের পারিশ্রামিক নিয়ে পায়ে শেকল বেঁধে দেওয়া পেশাদার ক্রিকেটারদের জন্য বড় ধাক্কা।

বিসিবি প্রধান নাজমুল হাসান আগেরবার বলেছিলেন, প্লেয়ার্স বাই চয়েজ শুধু ওই একবারের জন্যই। ভবিষ্যতে আর কখনও হবে না।

কিন্তু সিসিডিএম সদস্য সচিব জানারেন, বোর্ড সভাপতিই দায়িত্বটা ক্লাবগুলোর ওপর ছেড়ে দিয়েছেন।

“গত ডিসেম্বরেই মাননীয় বোর্ড সভাপতি আমাদের জানিয়ে দিয়েছেন যে ক্লাবগুলো যেভাবে চাইবে, সেভাবেই হবে দলবদল। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট মাথায় রাখা উচিত সবার। কারণ দলবদলে দেখা যায় দু-একজন ক্রিকেটার এত বেশি টাকা দাবি করে যে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে যায় না। ক্লাবগুলির তো টিকে থাকতে হবে!”