টেস্টে ফেরার আশা গেইলের
চোট কাটিয়ে সবে মাঠে ফিরেছেন ক্রিস গেইল। তবে এখনও বড় দৈর্ঘ্যের ক্রিকেটের জন্য প্রস্তুত নন তিনি। আপাতত টি-টোয়েন্টি খেলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী ব্যাটসম্যান আগামী বছর টেস্ট ক্রিকেটে ফেরার আশা করছেন।
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে জেসন হোল্ডারের দল বিধ্বস্ত হওয়ার কয়েক দিন পর অস্ট্রেলিয়ায় গেলেন গেইল। বিধ্বস্ত হওয়া জাতীয় দলকে টেনে তুলতে নয়, বিগ ব্যাশ লিগে খেলবেন তিনি।
পিঠের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করানো গেইল বিপিএল দিয়ে মাঠে ফিরেন। বরিশাল বুলসের হয়ে চার ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় যান এই উদ্বোধনী ব্যাটসম্যান।
হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২১২ রানে হারে জেসন হোল্ডারের দল। গেইল, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রিরা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে যাওয়ার খর্ব শক্তির দল নিয়েই খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।
চোট কাটিয়ে ফেরা গেইল ওয়েস্ট ইন্ডিজের ত্রাতা হতে পারতেন। তবে এই বিস্ফোরক ব্যাটসম্যান জানিয়েছেন, এখনও টেস্টের জন্য প্রস্তুত নন তিনি।
“আমার টেস্ট দলের অংশ হওয়ার কোনো সুযোগ নেই। আমি সবে চোট থেকে সেরে উঠেছি।”
গেইল গত বছর বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। টেস্টে ৭ হাজার ২১৪ রান করা গেইল আগামী বছর টেস্টে ফেরার ব্যাপারে আশাবাদী।
“আমি এখনও অবসর নেইনি। আমি লম্বা সময় ধরে ব্যাট করিনি। এক ম্যাচে ৯২ রান করেছিলাম। পরের দিন মনে হয়েছিল, আমি যেন বাসে চাপা পড়েছিলাম।”
গেইল মনে করেন, হোল্ডারের নেতৃত্বধীন অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দলের পায়ের নিচে মাটি পেতে আরও সময় লাগবে।
