২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের সবচেয়ে বড় প্রাপ্তি মাশরাফি-মাহমুদউল্লাহ

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব নতুন সীমানা স্পর্শ করেছে এবারের বিপিএলে। আর মাহমুদউল্লাহ জানান দিয়েছেন, উত্তরসূরি হতে প্রস্তুত হয়ে উঠছেন তিনি।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 06:55 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

বিপিএল শুরুর আগে কাগজে-কলমে সবচেয়ে পিছিয়ে থাকা দুটি দল ছিল সম্ভবত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। সেই দুটি দলই এখন শিরোপার মঞ্চে। মঙ্গলবার রাতে শের-ই-বাংলায় ট্রফি উঁচিয়ে ধরবেন মাশরাফি কিংবা মাহমুদউল্লাহ।

তবে ট্রফি যার হাতেই উঠুক, বিজয়ী কিন্তু এই দুজনই। কুমিল্লা ও বরিশাল প্রাথমিক পর্ব আর শেষ চারের বৈতরণী পার হয়ে লক্ষ্যের কাছাকাছি আসতে পেরেছে তো দুই অধিনায়কের ভেলায় চেপেই! এবারের বিপিএল দেখেছে, দেখিয়েছে মাশরাফি ও মাহমুদউল্লার নেতৃত্বের ‘মাস্টারক্লাস।’

অধিনায়কের চেয়েও বেশি কিছু

বরিশাল ও কুমিল্লা, দুটি দলেরই সাফল্যের মূল মন্ত্র ‘টিম ম্পিরিট।’ মাঠে নেমে দল হিসেবে খেলা, মাঠের বাইরেও দল হয়ে থাকা। একতাবদ্ধ হয়ে থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়া, পরস্পরের সঙ্গ ও সাফল্য উপভোগ করা, ব্যর্থতার ভাগ নেওয়া। এই টিম স্পিরিটের প্রতিফলন দেখা গেছে মাঠের পারফরম্যান্সে। উঠে এসেছে টুর্নামেন্ট জুড়ে নানা সময় দুই দলের ক্রিকেটারদের কথায়ও। সেই টিম স্পিরিট গড়ে তোলা আর যত্ন করে ধরে রাখার কাজটি করেছেন দুই দলের অধিনায়কই।

এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দলীয় চেতনা ক্রিকেটারদের মনে গেঁথে দেওয়া খুব কঠিন। টুর্নামেন্ট শুরুর আগে গোটা দলের এক সঙ্গে অনুশীলন করাই হয়ে ওঠে না। টুর্নামেন্ট চলার সময়ও খেলতে হয় ম্যাচের পর ম্যাচ। বিদেশি ক্রিকেটাররা অনেকে আবার আসছেন, কেউ ফিরে যাচ্ছেন। দেশি ক্রিকেটারদের মধ্যে কেউ হয়ত বড় তারকা, কেউ আনকোরা একজন। সবাইকে এক সুতোয় গাঁথার কাজটি তাই দু:সাধ্য। মাহমুদউল্লাহ ও মাশরাফি সেই দূরুহ কাজটিই করেছেন প্রায় সুনিপুণ ভাবে। স্রেফ অধিনায়ক নয়, দুজনই হয়ে উঠেছেন নেতা।

অবশ্যই টিম স্পিরিট গড়ে তোলাই সব কিছু নয়। মাঠের ক্রিকেটে টেকনিক্যালিও মাশরাফি-মাহমুদউল্লাহ দলকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে।

নতুন দিগন্তের সূচনা

মাশরাফির নেতৃত্ব নিয়ে অবশ্য নতুন করে বলার ছিল সামান্যই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্যের রেসিপি তার ভালোই জানা ছিল। বিপিএলের আগের দুই আসরেও তো তিনিই শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন দলকে। ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটকে রূপকথার সময় এনে দেওয়ার মূল নায়কও তিনিই। বিপিএল দিয়ে নিজেকে প্রমাণের বা দেখানোর বাকি কিছু নেই বলেই ছিল ধারণা।

মাশরাফির শ্রেষ্ঠত্ব এখানেই। মুগ্ধতার চূড়ান্ত সীমা ছুঁয়ে ফেলার পরও নতুন করে মুগ্ধতা ছড়িয়েছেন। তার গোটা ক্যারিয়ারই বিস্ময়ের প্রতিশব্দ, তারপরও নতুন করে বিস্ময় উপহার দিয়েছেন।

টুর্নামেন্ট শুরুর আগেই অনাহূত এক বিতর্ক ছড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে। টিভি সাক্ষাৎকারে দলের স্বত্বাধিকারী নাফিসা কামালের এক মন্তব্যকে ঘিরে ঝড় উঠেছিল আলোচনার। মাশরাফি নিজেও বিরক্ত হয়েছিলেন, খানিকটা দমেও গিয়েছিলেন।

তবে বাস্তবতার উপলব্ধিটাও ছিল। মাশরাফি যে দলের অধিনায়ক, সেই দল যতটা না দলের স্বত্বাধিকারীর, তার চেয়ে বেশি মাশরাফির। লোকে বিচার করবে মাশরাফির দল হিসেবেই, সাফল্য-ব্যর্থতার হিসাব কষাও হবে মাশরাফির দল হিসেবে। মাশরাফি তাই জানতেন, করার আছে অনেক কিছু।

সেই বিতর্ক পেছনে ফেললেও সামনে এসেছিল একের পর এক বাধা। মারলন স্যামুয়েলস চলে গেলেন জাতীয় দলে খেলতে, অ্যাকশন অবৈধ প্রমাণিত হলো সুনিল নারাইনের। চোট পাওয়া ক্রিকেটারের তালিকা লম্বা থেকে আরও লম্বা হতে থাকল, যে তালিকায় ছিলেন অধিনায়ক নিজেও। কিন্তু মাঠের ক্রিকেটে সেসবের প্রভাব কোথায়? যত বাধা আসে, কুমিল্লা যেন ততই দুর্বার।

চোট নিয়ে মাশরাফির ম্যাচের পর ম্যাচ খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে অবশ্যই। আছে শঙ্কা, ভয়ের জায়গা। কিন্তু শুধু নেতৃত্বের জন্যই তাকে মাঠে রাখতে মরিয়া ছিল কুমিল্লা, ক্রিকেট ইতিহাসে নতুন একটা দিগন্তও উন্মোচিত হলো হয়ত এতে। শুধু অধিনায়ক হিসেবেই খেলার ঘটনা আর কবে, কোথায় দেখেছে ক্রিকেট!

মাশরাফি এখানে হয়ে উঠেছেন অনন্য। দেশের ক্রিকেট ছাপিয়ে বিদেশি ক্রিকেটাররাও মোহিত হয়ছেন তার নেতৃত্ব স্পর্শে। মাশরাফির নেতৃত্বে খেলতে পেরে সৌভাগ্যের কথা জানিয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক; স্বল্প সময়ের উপস্থিতিতেই মুগ্ধতার কথা জানিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।

ফাইনাল জিতে হ্যাটট্রিক শিরোপা জিতুন বা না-ই জিতুন, অধিনায়ক মাশরাফি জিতেছেন এবারও।

মাহমুদউল্লাহর নেতৃত্বের সঙ্গেও বাংলাদেশের ক্রিকেটের পরিচয় নতুন নয়। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলকে নানা সময়ে নেতৃত্ব দিয়েছেন এবং সফলও হয়েছেন। নেতত্বের রসদ ছিল বলেই জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন বেশ কিছুদিন। ঘরোয়া ক্রিকেট আঙিনায় কান পাতলেই শোনা যায় মাহমুদউল্লাহর নেতত্বের নানা গুণ।

তবে এই বিপিএল নিজেকেও ছাড়িয়ে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ক্রিস গেইল চারটি ম্যাচ খেলে যাওয়ার আগে দলে ছিল না বড় কোনো তারকা। কাগজে-কলমে সবচেয়ে পিছিয়ে থাকা দল ছিল সম্ভবত বরিশালই। অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে সেই দলকেই জয়ী দল করে তুলেছেন মাহমুদউল্লাহ।

মাঠের ক্রিকেটে অধিনায়ক মাহমুদউল্লাহ ছিলেন প্রায় নিখুঁত। বোলিং পরিবর্তন বা মাঠ সাজানো টুর্নামেন্ট জুড়েই ছিল অসাধারণ যাতে প্রমাণ মিলেছে তার ক্ষুরধার ক্রিকেট ভাবনার। সবচেয়ে বেশি চোখে পড়েছে মাঠে যে কোনো পরিস্থিতিতে তার অবয়বে শান্ত ভাব, ঠাণ্ডা মাথায় সব সামলানো। কিন্তু নেতৃত্বের ধরন ঠিকই ছিল আক্রমণাত্মক।

বরিশাল বুলসে খেলা ক্যারিবিয়ান অলরাউন্ডার কেভন কুপার একদিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে তার মুগ্ধতার কথা।

“গতবারও ওর নেতৃত্বে খেলেছি। ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে অনেক উন্নতি করেছে রিয়াদ। দলের সবাই ওর দিকে তাকিয়ে থাকে, দলের জন্য লড়ে যায় ও। রিয়াদকে স্যালুট জানাতে হবে।”

জাতীয় দলে গত এক বছর ধরে মাশরাফির নেতৃত্বে খেলছেন সাব্বির রহমান। মাহমুদউল্লাহর নেতৃত্বে প্রথমবারের মত খেলছেন এবারের বিপিএলে। তরুণ এই ব্যাটসম্যান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানালেন, এই দুজনের নেতৃত্ব নিয়ে তার ভাবনা।

“দুজনেরই মাঠ সাজানো বা বোলিং পরিবর্তন খুব কাজে লেগে যায় মাঠে। আমরা হয়ত ভাবিইনি, এমন কিছু সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেন, সেটা কাজেও লাগে। অবশ্যই শুধু ভাগ্যের ব্যাপার এটি নয়, তারা খেলাটা ভালো বোঝেন বলেই কাজে লাগে।”

“আর মাঠের বাইরে মাশরাফি ভাইকে নিয়ে তো বলার কিছু নেই। অসাধারণ অধিনায়ক, অসাধারণ মানুষ। দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন সবাইকে। রিয়াদ ভাইয়েরও দেখলাম এই গুণটা খুব ভালো। সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছেন দারুণ ভাবে।”

“মাশরাফি ভাইয়ের সঙ্গে তুলনা করছি না আমি। তবে দুজনই কিন্তু একই কথা বলেন। খেলাটা উপভোগ করতে বলেন, সবার চাপ নিজেরা নিয়ে নিতে চান, দলের সবার পাশে থাকেন।”

সাব্বির বললেন মাঠের ক্রিকেট আর ড্রেসিং রুমে দুজনের মিলের কথা। তুলে ধরা যায় আরেকটা চোখে পড়ার মত পরিবর্তনও। ড্রেসিং রুমে মাহমুদউল্লাহ এমনিতে সবসময় উচ্ছ্বল থাকলেও বাইরে, বিশেষ করে সংবাদ মাধ্যমের সামনে বরাবরই তিনি চুপচাপ, একটু অন্তর্মুখী স্বভাবের। কিন্তু এবার প্রতিটি সংবাদ সম্মেলনে মাহমুদউল্লার উপস্থিতি ছিল হাস্যোজ্জ্বল। ছিল খুনসুটি আর মজা; সংবাদকর্মীরা কেবল মাশরাফিকেই যে চেহারায় দেখে অভ্যস্ত।

মাহমুদউল্লাহর নেতৃত্বে এখন একজন মাশরাফির ছায়া। এবারের বিপিএলে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ত এটিই। বাংলাদেশ ক্রিকেটের ঝাণ্ডা মাশরাফির হাতে সুরক্ষিতই। তবে এবারের বিপিএল জানান দিয়েছে, মাশরাফি বিদায় নেওয়ার পরের সময়ের জন্য প্রস্তুত হয়ে উঠছেন মাহমুদউল্লাহ।