২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডানেডিনে শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানোর লড়াই

টম ল্যাথামের অপরাজিত শতকে বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। রান তাড়ায় কিছুটা প্রতিরোধ গড়লেও শ্রীলঙ্কা হারিয়েছে ৩ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 01:34 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

ডানেডিন টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটে ২৬৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। ৪০৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেটে ১০৯ রানে।

বৃষ্টিতে দুই দফা বন্ধ ছিল খেলা। এক পর্যায়ে শিলাবৃষ্টিতে ইউনিভার্সিটি ওভালের সবুজ মাঠে ছিল শ্বেতশুভ্র রূপ। তৃতীয় দফা বৃষ্টিতে দিনের খেলা শেষ হয় আগেই।

৭২ রান নিয়ে দিন শুরু করেছিলেন ল্যাথাম। ১৫ টেস্টের ক্যারিয়ারে তৃতীয় শতক তুলে নেন ১৬৬ বলে। তবে প্রথম ইনিংসের মতো আবারও দারুণ খেলেও শতক হাতছাড়া করেছেন উইলিয়ামসন। দুশমন্থ চামিরার ইনকাটারে বোল্ড হয়েছেন ৭১ রানে।

এরপর ব্রেন্ডন ম্যাককালামের ৬ বলে ১৭ রানের ছোট্ট ঝড়। দুটি ছক্কা মেরে টেস্ট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ছক্কার সেঞ্চুরি। শততম ছক্কা মেরেই ইনিংস ঘোষণা করে দেন কিউই অধিনায়ক। ল্যাথাম অপরাজিত ১০৯ রানে।

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার অনভিজ্ঞ টপ অর্ডার চেষ্টা করেছে সাধ্যমত। ২৬ ওভারে ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দিমুথ করুনারত্নে (২৯) ও কুশল মেন্ডিস। বড় ইনিংস অবশ্য খেলতে পারেননি কেউ। দ্বিতীয় টেস্ট খেলতে নামা কুশল আউট হয়েছেন ১৫০ বলে ৪৬ রানে।

অভিষিক্ত উদারা জয়াসুন্দরাকে (৩) ফিরিয়ে দেন নিল ওয়াগনার। ৩১ রানে অপরাজিত ছিলেন ফর্মে থাকা দিনেশ চান্ডিমাল।