২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরকে ফাইনালে দেখছেন স্যামি

বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হওয়ার আগে রংপুর রাইডার্সকে ফাইনালে দেখছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 06:58 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর। তার আগের দিন অনুশীলনের পর স্যামি জানান, ফাইনালে যেতে দ্বিতীয় কোয়ালিফায়ারের দিকে তাকিয়ে থাকতে চান না তারা। শনিবারই নিজেদের কাজ সেরে রাখার লক্ষ্য তাদের।
 
“আমাদের সামনে সুযোগ এসেছে সবার আগে ফাইনালে যাওয়ার। আগামীকাল আমরা আমাদের সামর্থ্যের পুরোটা স্পর্শ করতে চাই। সেটা করা গেলে আমার মনে হয়, ফাইনালে যেতে কোনো সমস্যা হবে না।”
 
“হেরে গেলেও সুযোগ থাকবে, আমরা সেটা ভাবতে চাই না। আমরা কেবল জয়ের কথা চিন্তা করছি। নিজেদের দেখছি ফাইনালে,” যোগ করেন স্যামি।
 
বিপিএলে বাড়তি সুবিধা পাচ্ছে টসে জেতা দল। টুর্নামেন্টের শেষ দিকে এসে এটা দুর্ভাবনায় ফেলছে ক্রিকেটারদের। প্রথম কোয়ালিফায়ারের আগে টস নিয়ে চিন্তায় থাকার কথা জানান স্যামি। 
 
“এবার বেশির ভাগ ম্যাচেই টস জেতা দল বোলিং করেছে এবং জিতে গেছে। তবে টসের উপর তো আর কারও নিয়ন্ত্রণ থাকে না। আগে যেটাই করতে হোক না কেন, সেখানেই ভালো করতে হবে।” 
 
গত মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছিল রংপুর। আঁটসাঁট সূচির এই টুর্নামেন্টে সেটা আশীর্বাদ হয়ে এসেছে দলটির জন্য। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ কুমিল্লা শেষ ম্যাচ খেলে গত বৃহস্পতিবার। বাড়তি বিশ্রামের সুযোগ মেলায় দারুণ খুশি স্যামি।
 
“এ বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ ছিলো না। সূচি করা ছিল এভাবে। আমরা এখানে টানা তিন ম্যাচ খেলেছি। সবার আগে লিগ পর্বের ম্যাচ শেষ হয়েছে আমাদের। দুয়েক দিন বেশি বিশ্রাম পাওয়া সব সময় ভালো ব্যাপার। আমরা সেটা পেয়েছি। ভালো লাগছে।”