চান্দিমালের ব্যাটে লড়ছে শ্রীলঙ্কা
সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালো না হলেও দিনেশ চান্দিমালের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের বিপেক্ষ ৪ উইকেটে ১৯৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অতিথিরা।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শুক্রবার ৮৩ রান করে অপরাজিত আছেন চান্দিমাল। শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ২০৮ বলের ইনিংসটি নয়টি চারে সাজানো।
তৃতীয় দিনের খেলা চান্দিমাল শুরু করবেন ১০ রানে অপরাজিত থাকা কিথুরুয়ান ভিথানাগেকে সঙ্গে নিয়ে।
৪৩১ রান তোলা স্বাগতিক নিউ জিল্যান্ডের চেয়ে এখনও ২৩৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিনের শুরুতে দলীয় ১৯ রানে ট্রেন্ট বোল্টের বলে বিজে ওয়াটলিংকে কুশল মেন্ডিস ক্যাচ দিলে ভাঙে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। এরপর এক রান করে ফিরে যান উদারা জয়াসুন্দেরা।
শুরুতেই পথ হারানো দলকে টেনে তুলতে উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১২২ রান তোলেন চান্দিমাল। এ জুটির হাত ধরে শুরুর ধাক্কা সামলে ওঠে শ্রীলঙ্কা।
থিতু হওয়া এ জুটি ভাঙে মিচেল স্যান্টনারের বলে উইকেটের পেছনে ওয়াটলিংকে করুনারত্নে ক্যাচ দিলে। ১৯৮ বলে সাত চারে ৮৪ রান করেন শ্রীলঙ্কার এই উদ্বোধনী ব্যাটসম্যান।
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস মাত্র দুই রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর ভিথানাগের সঙ্গে জুটি গড়েন চান্দিমাল। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৪১ রান তুলে দিনের শেষ সেশনে স্বাগতিক বোলারদের আর আনন্দের উপলক্ষ পেতে দেননি দুজনে।
বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার ও স্যান্টনার একটি করে উইকেট নিয়েছেন।
