ডি ভিলিয়ার্সকে ছুঁয়ে অনন্য শতকের পথে ম্যাককালাম
অভিষেক থেকে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে স্পর্শ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউ জিল্যান্ডের অধিনায়ক এগিয়ে যাচ্ছেন অনন্য এক শতকের দিকে।
২০০৪ সালের ১০ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টনে স্বপ্নের টেস্ট ক্যাপ পেয়েছিলেন ম্যাককালাম। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ডানেডিনে টস করতে নামলেন নিজের ৯৮তম টেস্টে। মাঝের সময়টায় অনেক কিছুই বদলেছে কিউই ক্রিকেটে, কিন্তু টেস্ট একাদশ থেকে একবারও সরেনি ম্যাককালামের নাম।
অভিষেক থেকে নিউ জিল্যান্ডের সবগুলো টেস্টেই খেলেছেন আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। এই পথচলাতেই ধরা দিল দারুণ এক অর্জন। অভিষেক থেকে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ছুঁলেন এবি ডি ভিলিয়ার্সকে।
অভিষেক থেকে টানা ৯৮ টেস্ট খেলে থেমেছিলেন ডি ভিলিয়ার্স। ম্যাককালাম এখন অপরাজিত ৯৮! প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক থেকে টানা একশ’ টেস্ট খেলার অনন্য কীর্তির দিকে এগিয়ে যাচ্ছেন কিউই অধিনায়ক।
অনন্য এই শতক আগেই করতে পারতেন ডি ভিলিয়ার্স। কিন্তু অনাগত সন্তানের জন্য ত্যাগ করেছিলেন দারুণ এই অর্জনের হাতছানি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি প্রোটিয়া ব্যাটসম্যান। তাতেই ছেদ পড়েছিল তার টানা খেলার ধারায়।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে আরও একটি টেস্ট খেলবেন ম্যাককালাম। চোট বা অন্য কোনো কিছু বিপত্তি না বাধালে আগামী ১২ ফেব্রুয়ারি অস্ট্রেয়িার বিপক্ষে ওয়েলিংটনে অসাধারণ এক শতক স্পর্শ করবেন ম্যাককালাম।
এই দুজনের আগে রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের। অভিষেক থেকে টানা ৯৬ টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান। তার ক্যারিয়ারও ছিল ৯৬ টেস্টেরই। ক্যারিয়ারের শুরু থেকে শেষ টেস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার সব টেস্টই খেলেছেন গিলক্রিস্ট।
অভিষেক থেকে টানা সবচেয়ে বেশি টেস্ট :
ক্রিকেটার | টানা টেস্ট | শুরু | শেষ |
ব্রেন্ডন ম্যাককালাম | ৯৮* | ১০ মার্চ, ২০০৪ | চলছে |
এবি ডি ভিলিয়ার্স | ৯৮ | ১৭ ডিসেম্বর, ২০০৪ | ০২ জানয়ারি, ২০১৫ |
অ্যাডাম গিলক্রিস্ট | ৯৬ | ০৫ নভেম্বর, ১৯৯৯ | ২৪ জানুয়ারি, ২০০৮ |
রাহুল দ্রাবিড় | ৯৪ | ২০ জানুয়ারি, ১৯৯৬ | ১০ ডিসেম্বর, ২০০৫ |
শচীন টেন্ডুলকার | ৮৪ | ১৫ নভেম্বর, ১৯৮৯ | ১৪ নভেম্বর, ২০১৩ |
মাইক হাসি | ৭৯ | ০৩ নভেম্বর, ২০০৫ | ০৩ জানুয়ারি, ২০১৩ |
কপিল দেব | ৬৫ | ১৬ অক্টোবর, ১৯৭৮ | ২৮ নভেম্বর, ১৯৮৪ |
ইয়ান হিলি | ৬৪ | ১৫ সেপ্টেম্বর, ১৯৮৮ | ০৫ অক্টোবর, ১৯৯৪ |
রোহান কানহাই | ৬১ | ৩০ জানুয়ারি, ১৯৫৭ | ১৪ ফেব্রুয়ারি, ১৯৬৯ |
এক দলের হয়ে টানা সবচেয়ে বেশি টেস্ট :
ক্রিকেটার | টানা টেস্ট | শুরু | শেষ |
অ্যালান বোর্ডার | ১৫৩ | ১০ মার্চ, ১৯৭৯ | ২৫ মার্চ, ১৯৯৪ |
অ্যালিস্টার কুক | ১২০* | ১১ মে, ২০০৬ | চলছে |
মার্ক ওয়াহ | ১০৭ | ৩ জুন, ১৯৯৩ | ১৯ অক্টোবর, ২০০২ |
সুনীল গাভাস্কার | ১০৬ | ২৩ জানুয়ারি, ১৯৭৫ | ৩ ফেব্রুয়ারি, ১৯৮৭ |
ব্রেন্ডন ম্যাককালাম | ৯৮* | ১০ মার্চ, ২০০৪ | চলছে |
এবি ডি ভিলিয়ার্স | ৯৮ | ১৭ ডিসেম্বর, ২০০৪ | ২ জানুয়ারি, ২০১৫ |
অ্যাডাম গিলক্রিস্ট | ৯৬ | ৫ নভেম্বর ১৯৯৯ | ২৪ জানুয়ারি ২০০৮ |
রাহুল দ্রাবিড় | ৯৩ | ২০ জানুয়ারি ১৯৯৬ | ১০ ডিসেম্বর, ২০০৫ |
মাহেলা জয়াবর্ধনে | ৯৩ | ৮ নভেম্বর, ২০০২ | ৩ জানুয়ারি, ২০১৩ |
গুন্ডাপ্পা বিশ্বনাথ | ৮৭ | ১৯ মার্চ, ১৯৭১ | ৩০ জানুয়ারি, ১৯৮৩ |
*এখনও চলছে
