ভোজেস-মার্শের শতকে উড়ছে অস্ট্রেলিয়া
অসাধারণ শতকে অস্ট্রেলিয়ান রেকর্ড গড়েছেন অ্যাডাম ভোজেস। অপরাজিত শতকে তার সঙ্গী শন মার্শ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান গড়েছেন অবিছিন্ন ট্রিপল সেঞ্চুরি জুটি!
এই দুজনের ব্যাটে স্যার ফ্র্যাঙ্ক ওরেল ট্রফিতে উড়ন্ত সূচনা করেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ছন্নছাড়া বোলিং-ফিল্ডিংকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার হোবার্ট টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়া তুলেছে ৩ উইকেটে ৪৩৮।
লাঞ্চের সময়ও অবশ্য এতটা অসহায় ছিল না ক্যারিবিয়ানরা। ১২১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বরং একটু অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। ভোজেস ও মার্শেল ব্যাটে সেই অস্বস্তি উধাও। দিনশেষে বরং মুখ লুকানোর জায়গায় খুঁজছে ক্যারিবিয়ান বোলাররা!
পরের দুই সেশনে আর একটিও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ভোজেস-মার্শের অবিচ্ছিন্ন জুটি ৩১৭ রানের। ২০৪ বলে ১৭৪ রানে অপরাজিত ভোজেস।
টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার হয়ে চার নম্বরে নেমে সর্বোচ্চ রান এটিই। আগের সেরা ছিল ১৯৭৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে গ্রেগ চ্যাপেলের ১৬২।
টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার লড়াইয়ে থাকা শন মার্শ দিন শেষে অপরাজিত ২০৫ বলে ১৩৯ রানে।
ভোজেস-মার্শ দুজনই টেস্ট শতক করেছিলেন অভিষেকে। দুটিই দেশের বাইরে। শ্রীলঙ্কায় মার্শ, ওয়েস্ট ইন্ডিজে ভোজেস। এরপর পার্থে শতক করেছেন ভোজেস, সেঞ্চুরিয়নে মার্শ। হোবার্টের শতক দুজনেরই টেস্ট ক্যারিয়ারের তৃতীয়।
১৭ টেস্ট ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরোনো মার্শ আবার দলে ফিরতে পেরেছেন উসমান খাওয়াজার চোটে। দিবা-রাত্রি টেস্টে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর এই শতকে আবারও দম পাবে বাঁহাতি স্টাইলিস ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার।
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমেছিল টস জিতে। ওয়েস্ট ইন্ডিজের চাওয়াও ছিল বোলিং। সবুজের ছোঁয়া থাকা উইকেট কাজে লাগাতে চেয়েছিলেন জেসন হোল্ডার; কিন্তু হয়েছে উল্টো।
সবুজের ছোঁয়া ছিল কেবলই বিভ্রম। বেলেরিভ ওভালের উইকেট বরাবরের মতোই ব্যাটিং স্বর্গ। সঙ্গে নতুন বলে টেলর-রোচের হতশ্রী বোলিং। ওয়ার্নার-বার্নস রান তোলেন ওয়ানডের গতিতে। ১০ ওভারেই দুই অস্ট্রেলিয়ান ওপেনার তোলেন ৭০!
খেলার ধারার বিপরীতেই ভাঙে ৭৫ রানের উদ্বোধনী জুটি। শ্যানন গ্যাব্রিয়েলের ভেতরে ঢোকা বলে বাট-প্যাডের ফাঁক গলে বোল্ড বার্নস (৩৩)।
জোমেল ওয়ারিক্যানের বাঁহাতি স্পিনে ১০ রানেই আউট স্টিভেন স্মিথ। ওয়ার্নার খেলছিলেন নিজের গতিতেই, ইঙ্গিত দিচ্ছিলেন বড় কিছুর। কিন্তু ৬১ বলে ৬৪ রান করে আউট হয়েছেন ওয়ারিক্যানের লেগ স্টাম্পের বাইরে বলে।
কিন্তু সেই উপহার কাজে লাগিয়ে আরও চাপ সৃষ্টি করতে পারেনি ক্যারিবিয়ানরা; বরং ভোজেস ও মার্শের জুটি রান করেছে বলের সঙ্গে পাল্লা দিয়ে। ভোজেস শতক ছুঁয়েছেন ঠিক ১০০ বলে। ৩৬ বছর বয়সের পর একশ’ স্ট্রাইক রেটে শতক আছে টেস্ট ইতিহাসে আর কেবল গ্রাহাম গুচ, ব্রায়ান লারা ও মিসবাহ-উল-হকের।
সারা দিনই প্রায় ওভারপ্রতি ছয়-সাড়ে পাঁচ করে রান তুলেছে অস্ট্রেলিয়া। শেষ বেলায় উইকেট অক্ষত রাখতে খেলেছে একটু ঢিমেতালে, শেষ ৯ ওভারে আসেনি বাউন্ডারি। নইলে দিন শেষে আরও বেশি হতে পারত রান।
ভোজেস-মার্শ দুজনই অপরাজিত থাকায় দ্বিতীয় দিনে ক্যারিবিয়ানদের অপেক্ষায় আছে আরও যন্ত্রণাময় প্রহর।
