গেইলের ব্যাটিং উপভোগ মাহমুদউল্লাহর
ক্রিস গেইলের সঙ্গে প্রথমবারের মত ব্যাটিং করেই মুগ্ধ মাহমুদউল্লাহ। অন্য প্রান্তে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানের বিশাল সব ছক্কা দেখা বরিশাল বুলসের অধিনায়ক মনে করছেন, এভাবে কেবল গেইলই খেলতে পারেন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল গেইলের। ৪৭ বলে অপরাজিত ৯২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, গেইলের ব্যাটিং উপভোগ করেছেন তিনি।
“এটা বিশেষ একজন খেলোয়াড়ের বিশেষ একটি ইনিংস। এটা বিশেষ একজন খেলোয়াড়ের বিশেষ শক্তি। আমার মনে হয় না, তার মত এমন শক্তিধর আর কোনো ক্রিকেটার এখন আছে। তার ব্যাটিং আমি উপভোগ করেছি।”
বুধবার গেইলের ইনিংস কেড়ে নিয়েছিল মাহমুদউল্লাহর সব মনোযোগ।
“প্রথম তার সঙ্গে ব্যাটিং করলাম। আজ হাসিখুশিই ছিলাম। এমনিতে আমি সব সময় নিজের ব্যাটিং নিয়ে সিরিয়াস থাকি। আজ অন্য প্রান্তে দাঁড়িয়ে তার ব্যাটিং দেখলাম।”
পঞ্চম ওভারে মাহমুদউল্লাহ যখন ক্রিজে যান তখনও আশা বেঁচে ছিল চিটাগংয়ের। কিন্তু গেইল ঝড়ে জয়ের আশা উবে যেতে বেশি সময় লাগেনি। মাহমুদউল্লাহ জানান, গেইল তাকে সময় নিয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন।
“আমি দুই-তিনটি বল খেলার পর তিনি এগিয়ে এসে আমাকে সময় নেওয়ার কথা বলেন। কিন্তু তিনি তো আমার জন্য কোনো কাজই রাখেননি, সব একাই করে ফেলেছেন।”
