২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বল পেয়ে খুশি আরাফাত সানি

বিপিএলে প্রথমবারের মতো নতুন বল হাতে পেয়ে খুশি আরাফাত সানি। এই বাঁহাতি জানিয়েছেন, বোলিং উদ্বোধন করাটা সব সময়ই উপভোগ করেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে আরাফাতের হাতে নতুন বল তুলে দেন সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুলেননি আরাফাত। চার ওভারের স্পেলে প্রতি ওভারে একটি করে উইকেট নেন এই স্পিনার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরাফাত জানান, অনেক দিন পর বোলিং উদ্বোধন করতে পেরে খুশি তিনি।

“প্রথম ছয় ওভারে এক রান নেওয়া খুব কঠিন। তবে এই সময়ে বোলিং করাটা খুব চ্যালেঞ্জিংও। তবে এই সময়ে বোলিং করাটা আমি খুব উপভোগ করি। আমার লক্ষ্য থাকে যত সম্ভব কম রান দেওয়ার।”

সিলেটকে ৫৯ রানে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান ছিল আরাফাতের। ১৪ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। এই বাঁহাতি স্পিনার জানান, উইকেট বাজে ছিল না, তাড়াহুড়া করে আউট হয়েছেন ব্যাটসম্যানরা।

“আমি কখনও উইকেট দেখে বল করি না। সব সময়ই আমার পরিকল্পনা থাকে ‘উইকেট টু উইকেট’ বল করার; এক জায়গায় বল করে রান বেধে রাখার। ‘ডট’ বল করে ব্যাটসম্যানকে চাপে রাখার। আজকেও তাই করেছি। আমার মনে হয়েছে, ওদের ব্যাটসম্যানরা তাড়াহুড়া করেছে।”

সিলেটের বিপক্ষে চার উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারিদের তালিকার দুই নম্বরে উঠে এসেছেন আরাফাত।

“ব্যাপারটা আমার জানা ছিল না। মাঠে বিগ স্ক্রিনে যখন দেখাল তখনই জানলাম। বিপিএলের এবারের আসরে আমার শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলাম। আমার পারফরম্যান্স ধারাবাহিক ছিল না, চাপে ছিলাম। আমার মনে হয়, শেষ দুই ম্যাচে আমি ছন্দে ফিরতে পেরেছি।” 

১৬ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন রংপুরের অধিনায়ক সাকিব। ১৪ উইকেট নিয়ে তার পেছনেই আছেন আবু হায়দার ও আরাফাত সানি।