মাশরাফি তাকিয়ে শীর্ষ দুইয়ে
সবার আগে শেষ চার নিশ্চিত করার পর কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার লক্ষ্য এখন সেরা দুইয়ে থেকে প্রাথমিক পর্ব শেষ করা।
টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি ম্যাচ ধরে এগোনোর কথা বলেছিলেন মাশরাফি। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্রুতই কুমিল্লা ফেরে জয়ের ধারায়। মাশরাফির দৃষ্টি ছিল তখন শেষ চারে। সোমবার বরিশাল বুলসকে হারিয়ে সবার আগে শেষ চারও নিশ্চিত করেছে মাশরাফির দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা অধিনায়ক জানালেন, প্রাথমিক লক্ষ্য পূরণের পর দৃষ্টিসীমায় এখন শীর্ষ দুই।
“শেষ চার নিশ্চিত হলো। এখন এক আর দুইয়ের মধ্যে থাকতে হবে। দুইয়ের মধ্যে থাকতে পারলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে। আমরা ওদিকে তাকিয়ে আছি।”
এবারের বিপিএলে ফাইনালিস্ট নির্ধারণে বেছে নেওয়া হয়েছে আইপিএলের ধারা। শীর্ষ দুইয়ে থাকলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে অন্তত দুটি। শীর্ষ দুই দলের লড়াইয়ে জয়ী দল চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল সুযোগ পাবে আরেকটি। মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের লড়াইয়ে বিজয়ী দলের সঙ্গে।
৮ ম্যাচের ৬টি জিতে কুমিল্লার পয়েন্ট এখন ১২।
