দল পাবেন ভাবেননি জহুরুল
চোট কাটিয়ে বিপিএল শুরুর মাত্র দুই সপ্তাহ আগে মাঠে ফিরেছিলেন জহুরুল ইসলাম। লম্বা সময়ে খেলার বাইরে থাকায় এই টপ অর্ডার ব্যাটসম্যান ভাবেননি কোনো দল তাকে নেবে।
প্লেয়ার্স বাই চয়েজে জহুরুলকে দলে নেয় রংপুর রাইডার্স। দলের হয়ে প্রথম তিন ম্যাচে খুব একটা কিছু করতে পারেননি। শেষ তিন ম্যাচে অবশ্য স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৭ আর বরিশাল বুলসের বিপক্ষে ২৪ রানের দুটি ইনিংস খেলা জহুরুল এবার খেলেছেন ম্যাচ জেতানো এক ইনিংস। তার অপরাজিত ৩৫ রানে ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর।
চট্টগ্রামে সুযোগ হারানোর আক্ষেপ আছে জহুরুলের। তবে ঢাকায় সুযোগ কাজে লাগাতে পারার স্বস্তিটাই বেশি দেশের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের।
“দুই বছরে দুটি অপারেশনে অনেক ম্যাচ খেলতে পারিনি। তবে এবারের অপারেশনটা নিয়ে আমি খুশি। চেন্নাইয়ের সেই অপারেশন শেষে গত ৬ নভেম্বর মাঠে ফিরি। ভাবিনি কেউ নেবে, রংপুর নেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবার রান পাওয়ায় ভালো লাগছে।”
চট্টগ্রামে সুযোগ হারানোর আক্ষেপ আছে জহুরুলের। তবে ঢাকায় সুযোগ কাজে লাগাতে পারার স্বস্তিটাই বেশি দেশের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের।
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭৪ রানে অধিনায়ক সাকিব আল হাসানকে হারায় রংপুর। জহুরুল জানান, সাকিবের বিদায়ে চিন্তায় পড়েছিলেন তিনি।
“আমি জানতাম, বিদেশিদের জন্য এই উইকেট খেলা খুব কঠিন হবে। তাছাড়া আজকে পেছনে মিসবাহ (উল-হক) ভাই ছিল না। আমাকে কেউ বলেনি, কিন্তু আমি ঠিক করেছিলাম শেষ পর্যন্ত থাকার। শেষ দুই ওভারে দেখা যাবে কি করতে হবে। সেভাবেই খেলেছি।”
সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারেন সামি। তাকে এত ওপরে উঠিয়ে আনার ব্যাখ্যাও দিলেন জহুরুল, “ঢাকা চার পেসার..আসলে পাঁচ পেসার নিয়েই খেলেছে। ওদের কোনো স্পিনার ছিল না। তখন রানও লাগত প্রায় সাড়ে সাত করে, তাই সামিকে উপরে পাঠানো হয়।”
