মুস্তাফিজকে নিয়ে ভয়ে ছিলেন জহুরুল!
ক্যারিয়ারের শুরু থেকেই সতীর্থ-প্রতিপক্ষের প্রশংসায় ভাসছেন মুস্তাফিজুর রহমান। তরুণ এই বাঁহাতি পেসারের বন্দনায় যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের জহুরুল ইসলাম, যিনি ম্যাচে মুস্তাফিজকে সামলানো নিয়ে শঙ্কায় ছিলেন!
এর আগে তামিম ইকবাল বলেছিলেন, প্রথমবার যারা মুস্তাফিজকে খেলতে যাবেন তাদের জন্য এই বাঁহাতি পেসার হবেন অপ্রতিরোধ্য। জহুরুলের ব্যাপারটা তা নয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুস্তাফিজের বিপক্ষে খেলেছেন তিনি। তারপরও বিপিএলে ঢাকা ডায়নামাইটসের মুস্তাফিজকে সামলাতে না হওয়ার স্বস্তি তার কণ্ঠে।
“শুকরিয়া যে ওর বল খেলতে হয়নি। (ড্যারেন) স্যামি ওর ছয় বল কাটিয়ে দিয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগে যখন মুস্তাফিজকে খেলেছি তখন এতটা কঠিন মনে হয়নি। এখন সে একজন ব্যতিক্রমী বোলার।”
মুস্তাফিজের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন ফিরতি ক্যাচ দিয়ে বিদায় তখন নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন জহুরুল। এই টপ অর্ডার ব্যাটসম্যান জানান, মাত্র তিন-চার ফুট দূর থেকেও তিনি মুস্তাফিজের কোনো বল বুঝতে পারেননি।
“নন স্ট্রাইকিং প্রান্ত থেকে আমি ওর হাত দেখার চেষ্টা করছিলাম। কিন্তু কোনো বলই বুঝতে পারিনি। প্রতিটি বল শেষে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম, বলটি স্লোয়ার ছিল কি না।”
রোববারের ম্যাচে ২৬ বলে অপরাজিত ৩৫ রান করে রংপুরের ৬ উইকেটের জয়ের নায়ক জহুরুল। তিন ওভার বল করে পাঁচ রান দিয়ে সাকিবের উইকেট নেওয়া মুস্তাফিজকে ছাড়তে হয়েছে হারের হতাশা নিয়ে।
