সানিয়ার প্রেরণাতেই মালিকের জ্বলে ওঠা
পাকিস্তান দলের বাইরে থাকার সময়টায় শোয়েব মালিককে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়ে গেছেন সানিয়া মির্জা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি অলরাউন্ডার জানালেন, ভারতীয় টেনিস তারকা স্ত্রীর প্রেরণাতেই ঘুরে দাঁড়ানোর বিশ্বাস পেয়েছেন তিনি।
মাস ছয়েক আগেও থমকে ছিল শোয়েব মালিকের আন্তর্জাতিক ক্যারিয়ার। স্ত্রী সানিয়া মির্জা তখন সাফল্যের সিড়ি বেয়ে উপরে উঠছেন দ্রুত।
সাফল্যে উদ্ভাসিত সানিয়াকে দেখে নিজের ভেতরেও তাড়নাটা বুঝতে পারেন মালিক। অনুভব করেন, থমকে যাওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন প্রাণের ছোঁয়া দেওয়ার তাগিদ। এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন মালিক।
শুরুটা ভালো করেছেন বিপিএলেও। সবশেষ ম্যাচে কুমিল্লার জয়ের নায়ক ছিলেন তিনিই। চাপের মধ্যে ২১ বলে ৩৪ রানের দারুণ ইনিংসে জিতিয়েছেন দলকে। রোববার মিরপুর একাডেমি মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালিক শোনালেন তার ঘুরে দাঁড়ানোর নেপথ্য গল্প।
“স্ত্রী যখন ক্রীড়া তারকা এবং নিয়মিত সাফল্য পাচ্ছে, সেটা অবশ্যই দারুণ অনুপ্রেরণার। সময় পেলেই আমি ওর সঙ্গে ভ্রমণে সঙ্গী ছিলাম। তখন আরও ভালোভাবে অনুভব করেছি কত কিছু আমি মিস করছি। ওর সঙ্গে সফরে গিয়ে আমি অনেক শিখেছি। ওর সাহায্য ও অনুপ্রেরণা সবসময়ই ছিল আমার জন্য।”
একটা সময় মনে হচ্ছিল সানিয়া মির্জা ভারতের টেনিস তারকা হয়েই থাকবেন, বৈশ্বিক তারকা সেভাবে হয়ে উঠতে পারবেন না। কিন্তু গত কিছুদিনে দারুণ উন্নতি করেছেন সানিয়া। মার্টিন হিঙ্গিসের সঙ্গে জুটিতে ধরা দিয়েছে একের পর এক সাফল্য। ডাবলস শিরোপা জিতেছেন উইম্বলডন, ইউএস ওপেন। জিতেছেন আরও বেশ কটি শিরোপা। ঝড়ের গতিতে উঠে গেছেন ডাবলস র্যাঙ্কিংয়ের শীর্ষে।
স্ত্রীর সাফল্যে শুধু দর্শক না হয়ে থেকে মালিকও নতুন গতি দিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে। ৫ বছর পর টেস্টে ফিরেই করেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। ইংল্যান্ডের বিপক্ষে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ব্যাট করে খেলেছিলেন ২৪৫ রানের অসাধারণ ইনিংস।
ওয়ানডে দলে ফিরেছেন দু বছর পর। গত মে মাসে ফেরার ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। রানের জোয়ার পরের সময়টাতেও। ফেরার পর সব মিলিয়ে ১৫ ম্যাচে ৬০৭ রান করেছেন ৬৭.৪৪ গড়ে, স্ট্রাইক রেট ১০৮.৩৯!
টি-টোয়েন্টিতেও ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন কদিন আগে; ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ বলে ৭৫। ফেরার পর ৮ ইনিংসে রান ৩১.২৮ গড় ও ১২৪.৪৩ স্ট্রাইক রেটে রান করেছেন ২১৯।
রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকার বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক কম হয়নি। তবে সব কিছু সামলে ঠিকই নিজেদের মত আপন ভুবন গড়ে নিয়েছেন দুজন। শিয়ালকোটের মালিক ও হায়দরাবাদের সানিয়া এখন থিতু হয়েছেন দুবাইয়ে। ব্যস্ত সূচির ফাঁকে কিছুটা ফুরসত মিললেই দুজন একান্ত সময় কাটান জুমেইরার পাম আইল্যান্ডে নিজেদের ফ্ল্যাটে।
মালিক জানালেন, বাইরে থাকার সময়টায় সানিয়ার কথা ও সহচর্য তার জন্য ছিল জীবনশক্তির উৎস।
“খারাপ সময়ে এসবই সবচেয়ে কাজে লাগে। কথা বলা…যতটা সম্ভব। মাঝেমধ্যেই আমাকে বলেছে, আমার কি করা উচিত। আমি হয়ত জানিই যে কোন পরিস্থিতিতে কি করা উচিত। তারপরও কাছের কেউ যখন এসে বুঝিয়ে বলে, অনুপ্রেরণা জোগায়, সেটা দারুণভাবে কাজে লাগে।”
ডাবল সেঞ্চুরির পর ওই সিরিজেই সবাইকে অবাক করে বিদায় বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে। মালিক জানালেন, আপাতত তার দৃষ্টি আগামী বিশ্বকাপে।
“টেস্টে আমাদের দলটা মোটামুটি থিতু। আর তরুণদের সুযোগ দেওয়া আমার দায়িত্ব। পরিবারকে সময় দেওয়ার ব্যাপারও আছে। তাছাড়া ২০১৯ বিশ্বকাপ আমি খেলতে চাই। এখনও সেটা ৪ বছর দূরে। নিজেকে ধরে রাখতে চাই।”
