আবার ঢাকাকে হারাল রংপুর
বিপিএলে আবারও রংপুর রাইডার্সের কাছে হেরেছে ঢাকা ডায়নামাইটস। মাঝারি লক্ষ্য দেওয়া কুমার সাঙ্গাকারার দলের হারে বড় দায় বাজে ফিল্ডিংয়ের। ৬ উইকেটের জয়ে শেষ চারে থাকার পথে আরেক ধাপ এগিয়ে গেছে সাকিব আল হাসানের দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট ১৩৫ রান করে ঢাকা। তিন রান আউট আর অসময়ে নাসির হোসেনের বিদায়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।
জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
মাঝারি লক্ষ্য দেওয়া ঢাকার ফিল্ডিং ছিল খুবই সাধারণ মানের, বিশেষ করে সীমানায়। বেশ কয়েকটি এক-দুই রান চারে পরিণত হয় সোহেল খান-মুস্তাফিজুর রহমানদের ব্যর্থতায়।
কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই বোলিং আক্রমণ সাজায় ঢাকা।
মোহাম্মদ ইরফান-মুস্তাফিজ-হাসান ভালো করলেও দলকে হতাশ করেছেন সোহেল, সৈকত। শেষের দিকে নাসিরকে দিয়ে এক ওভার করান সাঙ্গাকারা।
নিজেদের ইনিংস বড় করতে না পারলেও দলকে ভালো সূচনাই এনে দেন সৌম্য সরকার (২১) ও লেন্ডল সিমন্স (১৮)। দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফেরান হাসান।
ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। মুস্তাফিজের স্লোয়ারে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
এর আগে দুই ম্যাচে হারা ঢাকার শুরুটা ভালো হয়নি। ৩৯ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় দলটি। বিপিএলে অভিষেকে উইকেট পেয়েছেন পাকিস্তানের দীর্ঘদেহী পেসার ইরফান। তিনি বোল্ড করেন ড্যারেন স্যামিকে (২৩)।
রংপুরের জয়ে ভালো অবদান রয়েছে জহুরুল ইসলামের। ২৬ বলে অপরাজিত ৩৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন তিনি।
হাসান ২৫ রানে নেন দুই উইকেট। মুস্তাফিজ ৩ ওভারে ৫ রান দিয়ে নেন এক উইকেট।
এর আগে ঢাকার ইনিংসের শুরুতে নিজেকে গুটিয়ে রাখা সাদমান ইসলাম (১৬) ফিরে যান রানের গতি বাড়ানোর মুহূর্তে। আবু জায়েদকে পরপর দুটি হার চাঁর হাকানো এই বাঁহাতি ব্যাটসম্যান বিদায় নেন রান আউট হয়ে।
ষষ্ঠ ওভারে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। সাকিবকে ছক্কা হাঁকানো সৈকত (১৮) রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন। পারেননি তিনি, দলের বিপদ বাড়িয়ে ফিরে যান পরের ওভারে।
অধিনায়ক সাঙ্গাকারার সঙ্গে নাসিরের ৪৫ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়ে ঢাকা। বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙে সাকিবের সরাসরি থ্রোয়ে সাঙ্গাকারার (২৯) রান আউটে।
বড় সংগ্রহ গড়তে ঢাকা তাকিয়ে ছিল ‘দ্য ফিনিশার’ নামে পরিচিত নাসিরের দিকে। মঞ্চ প্রস্তুত ছিল, উইকেটে থিতু ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু আবারও ত্রিশের ঘর পার হতে ব্যর্থ হয়েছেন তিনি।
আরাফাত সানিকে একটি করে চার-ছক্কা হাঁকানোর পর তার বলে বোল্ড হয়ে ফিরে যান নাসির (৩০)। শেষের দিকে মোসাদ্দেক হোসেনও (১৩) রান আউট হওয়ায় দেড়শ’ পর্যন্ত যায়নি ঢাকার সংগ্রহ।
২৯ রানে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার আরাফাত। সাকিব চার ওভারে ১৬ রান দিয়ে নেন এক উইকেট।
দুই দলের আগের ম্যাচে ৬৯ রানে জিতেছিল রংপুর।
