২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে ভারত

চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করানো ভারত বিশাল লক্ষ্য দেওয়ার পথে। অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের দুই অপরাজিত অর্ধশতকে দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ছে স্বাগতিকরা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 06:59 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ চার উইকেটে ১৯০ রান। কোহলি ৮৩ ও প্রথম ইনিংসে শতক করা রাহানে ৫২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩৩ রানের জুটি গড়েছেন এই দুই জনে। সিরিজে শত রানের এটাই প্রথম জুটি।
 
প্রথম ইনিংসে ২১৩ রানের লিড নেওয়া ভারত এগিয়ে রয়েছে ৪০৩ রানে।
 
এর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে পড়ে ভারত। মর্নে মর্কেলের দারুণ বোলিংয়ে ৮ রানের ভেতর মুরালি বিজয় ও রোহিত শর্মাকে হারায় স্বাগতিকরা। 
 
ড্যান ভিলাসের গ্লাভসবন্দি হন বিজয়। শূন্য রানে বোল্ড হন প্রথম ইনিংসে এক রান করা রোহিত।
 
শিখর ধাওয়ান-চেতেশ্বর পুজারার ৪৫ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়ে ভারত। ধাওয়ানকে (২১) বোল্ড ২২.৫ ওভার স্থায়ী জুটি ভাঙেন মর্কেল। ২৮ রান করা পুজারাকে বোল্ড করেন লেগ স্পিনার ইমরান তাহির। 
 
২৯ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার মর্কেল।  
 
এর আগে প্রথম ইনিংসে ভারত ৩৩৪ ও দক্ষিণ আফ্রিকা ১২১ রান করে।