২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদন দিতে এসেছেন গেইল

চোট কাটিয়ে ফেরা ক্রিস গেইল উন্মুখ হয়ে আছেন মাঠে ফিরতে। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে থাকা এই বিস্ফোরক ব্যাটসম্যান জানিয়েছেন, ছন্দে ফেরার সঙ্গে ভক্তদের বিনোদন দেওয়াও তার লক্ষ্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 06:44 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

বরিশাল বুলসের হয়ে রোববার মাঠে নামবেন গেইল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ফেরার ম্যাচে প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স।
 
দীর্ঘদিনের পিঠের চোট থেকে মুক্তি পেতে গত অগাস্টের শুরুতে অস্ত্রোপচার করিয়েছেন গেইল। গত জুলাইয়ে সিপিএলে শেষ ক্রিকেট খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, আবার দলের সঙ্গে অনুশীলন করতে পেরে খুশি তিনি। 
 
“গত জুলাইয়ে শেষ সিপিএলে ক্রিকেট খেলেছিলাম। আমাকে ধীরে ধীরে ফিরে আসতে হবে। আমি সামনের দিকে তাকিয়ে আছি এবং ভক্তদের বিনোদন দিতে চাই। জানি না প্রথম ম্যাচে কি হবে। কিন্তু মাঠে ফেরাটা আমি উপভোগ করব। আশা করি, আমার সামনে লম্বা একটা ক্যারিয়ার পড়ে আছে। বিশ্বজুড়ে খেলতে আর মানুষকে বিনোদন দিতে পারব।” 
 
বিপিএলে গেইলের রেকর্ড দারুণ, এই টুর্নামেন্টে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি! সেই কথা মনে রেখেই ঢাকা পৌঁছেই জানান, ছক্কা হাঁকাতে এসেছেন তিনি। আর শতকের বুকিং তো দিয়েছেন ঢাকায় আসার আগেই।
 

“আমি এখানে সব সময় ভালো খেলি। এবার দলও খুব ভালো খেলছে। এতে আমার ওপর চাপ কিছুটা কম থাকবে। চোট কাটিয়ে ফেরার পর এটাই হবে আমার প্রথম ম্যাচ। আমি কালকের ম্যাচের দিকে তাকিয়ে আছি। ব্যক্তিগতভাবে আমি একটা মোমেন্টাম পাওয়ার চেষ্টা করব। তবে দল দুই নম্বরে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।” বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ানো গেইল জানান, দেশ বা টুর্নামেন্ট যাই হোক তার লক্ষ্য সব সময়ই একই থাকে, “যখনই কোনো টুর্নামেন্টে খেলতে যাই, সেখানে আমি মানুষের মনে নিজের ছাপটা রাখতে চাই। প্রত্যেককে সন্তুষ্ট করতে চাই। এটা সব সময় হবে না কিন্তু এটাই আমার লক্ষ্য থাকে।” বিপিএলের জন্য নতুন ব্যাট এনেছেন গেইল। এটাকে অবশ্য বোলারদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন না তিনি। তিনি নিজেই তো একটা সতর্কবার্তা!