রাহানে-জাদেজার নৈপুণ্যে চালকের আসনে ভারত
অজিঙ্কা রাহানের শতকের পর রবিন্দ্র জাদেজার ঘূর্ণি জাদুতে দুই দিনেই দিল্লি টেস্টে চালকের আসনে বসেছে ভারত। সান্ত্বনার জয়ের আশায় থাকা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা পড়েছে আরেকটি হারের শঙ্কায়।
রাহানের পঞ্চম শতকে প্রথম ইনিংসে ৩৩৪ রান করে ভারত। জবাবে ১২১ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। বিরাট কোহলির দল প্রথম ইনিংসে পেয়েছে ২১৩ রানের বড় লিড।
শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় ৭ উইকেটে ২৩১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগের দিনের ৩৩ রানের জুটিকে এদিন ৯৮ পর্যন্ত এগিয়ে নেন রাহানে-রবিচন্দ্রন অশ্বিন। চলতি সিরিজে এটাই সর্বোচ্চ রানের জুটি।
দলের সংগ্রহ তিনশ’ রানের কাছাকাছি নিয়ে ফিরে যান রাহানে। ইমরান তাহিরের বলে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১২৭ রানের দারুণ ইনিংসটি। ৭৪ রানে জীবন পাওয়া রাহানের ২১৫ বলের ইনিংসটি ১১টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
রাহানে ফিরে গেলেও অবিচল ছিলেন অশ্বিন। ৫৬ রানের চমৎকার ইনিংসে দলের সংগ্রহ সাড়ে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান তিনি।
৪০ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পেসার কাইল অ্যাবট। এ নিয়ে টেস্টে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।
জবাবে শুরুটা ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সিরিজে নিজেদের সর্বোচ্চ ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ডিন এলগার (১৭) ও দলে ফেরা টেম্বা বাভুমা (২২)। উমেশ যাদব এলগারকে ফেরানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ফলো অনে পড়ে অতিথিরা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কে ছুঁতে পেরেছেন কেবল এবি ডি ভিলিয়ার্স ও ড্যান ভিলাস (১১)। সর্বোচ্চ ৪২ রান করা ডি ভিলিয়ার্সের দৃঢ়তায় একশ’ পার হয় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
৩০ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার জাদেজা। টেস্টে এ নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। এছাড়া অশ্বিন ও উমেশ দুটি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করাননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে আলোক স্বল্পতার জন্য দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামতে হয়নি ভারতকে।
