ভারতের বিপক্ষে শেষ টেস্টে নেই স্টেইন
চোটের কারণে ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইন।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি আগামী বৃহস্পতিবার শুরু হবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্টেইনের খেলতে না পারার বিষয়টি জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে কুঁচকিতে চোট পান স্টেইন। ১০৮ রানে হেরে যাওয়া সেই ম্যাচে ১১ ওভার বল করে কোনো উইকেট পাননি তিনি। এর পর আর মাঠে নামা হয়নি স্টেইনের।
চার টেস্ট সিরিজের প্রথমটি জয়ের পর দ্বিতীয়টি ড্র করে ভারত। এর পর তৃতীয়টি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে পাঁচ ওয়ানডের সিরিজ ৩-২ এবং তিন টি-টোয়েন্টির সিরিজ ২-০ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।
