২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারের ভুল স্বীকার আইসিসির

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের দিবা-রাত্রির টেস্টে নাথান লায়নের আউটের আবেদনে ডিআরএস –এর ব্যবহার করার সময় তৃতীয় আম্পায়ার নাইজেল লং ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে স্বীকার করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 05:49 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার নাথান লায়নের ক্যাচের আবেদনে মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ চায় নিউ জিল্যান্ড। তৃতীয় আম্পায়ার লং এই রিভিউয়ের পর্যালোচনা করার সময়ই ভুলটি করেন। তাতে বেঁচে যান লায়ন।
 
ম্যাচ শেষে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আইসিসির জবাব জানতে চায় নিউ জিল্যান্ড ক্রিকেট। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, তারা সিদ্ধান্ত পর্যালোচনা করেছেন এবং সেটি ভুল ছিল বলে স্বীকার করছেন। 
 
একই সঙ্গে আইসিসি জানায়, সঠিক প্রক্রিয়া অনুসরণ করেছিলেন আম্পায়ার, কিন্তু ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। 
 
আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত টিভি ধারাভাষ্যকার ও গণমাধ্যমের কড়া সমালোচনার মুখে পড়ে। ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্টে দারুণ প্রভাব ফেলা এই সিদ্ধান্তে সতর্ক প্রতিক্রিয়া জানান নিউ জিল্যান্ডের রস টেইলর, অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কোচ মাইক হেসন। 
 
বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে লায়ন সুইপ করতে গেলে ব্যাটের কানায় ছুঁয়ে কাঁধে লেগে স্লিপে ক্যাচ যাওয়ার সময়ে নিউ জিল্যান্ডের ২০২ রানের জবাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১১৮ রান। মাঠের আম্পায়ার এস রবি আবেদনে সাড়া না নিলে রিভিউ নেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ম্যাককালাম।
 
লায়নের ব্যাটে ব্যাটের কানায় লাগার স্পষ্ট ‘হট স্পট’ থাকলেও পাঁচ মিনিট ধরে যাচাই করার পর মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন লং। লায়ন সে সময়ে ড্রেসিং রুমের পথে অনেকটা চলে গিয়েছিলেন। বলের গতি পথ বদলানোর ইঙ্গিতও ছিল, কিন্তু স্নিকোতে তার কিছুই ধরা পড়েনি।
 
শূন্য রানে বেঁচে যাওয়া লায়ন শেষ পর্যন্ত করেন ৩৪ রান। অস্ট্রেলিয়া শেষ দুই উইকেটে ১০৮ রান যোগ করে প্রথম ইনিংসে নেয় ২২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ড ২০৮ রানে অলআউট হলে ১৮৭ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ৩ উইকেট হাতে রেখে সেই লক্ষ্যে পৌছে ঐতিহাসিক টেস্টটি জেতে স্বাগতিকরা।