২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যথা নিয়েই খেলবেন মাশরাফি

শুক্রবার অনুশীলনে পাওয়া চোট পুরোপুরি কাটেনি মাশরাফি বিন মুর্তজার। তবে অবস্থার নাটকীয় অবনতি না হলে রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 09:48 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে গোড়ালির গাঁটে চোট পান মাশরাফি বিন মুর্তজা। পরে আর অনুশীলন করেননি, দলের সঙ্গে অনুশীলন করেননি রোববারও। তবে আলাদা করে জিম করেছেন নিজে। পায়ে ছিল টেপ পেঁচানো।

চোট পাওয়ার পরই বলেছিলেন, গুরুতর কিছু নয়। শনিবার রাতে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবারও নিশ্চিত করলেন, খেলবেন প্রথম ম্যাচ।

“এখনও একটু ব্যথা আছে। তবে এটা নিয়ে খেলা যাবে। প্রথম ম্যাচে অধিনায়কের মাঠে থাকাটাও জরুরি। নতুন করে কিছু আর না হলে অবশ্যই খেলব কালকে।”

এবারের বিপিএল মাশরাফির জন্য হ্যাটট্রিক করার সুযোগ। আগের দুই বারই তিনি ছিলেন শিরোপা জয়ী অধিনায়ক! দুই বার জিতেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এবার নতুন দল নিয়েও লক্ষ্য শিরোপায়। যদিও এখনই তাকাতে চান না বেশি দূরে।

“খেলতে নামছি মানে তো অবশ্যই চাইব চ্যাম্পিয়ন হতে। তবে এখনই খুব বেশি দূর তাকাতে চাই না। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। তারপর যদি সেই অবস্থায় পৌঁছে যাই, তখন সেভাবে ভাবব।”

রোববার বিপিএলের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।