২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটলারের রেকর্ডে ইংল্যান্ডের সিরিজ

পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে বিশাল সংগ্রহ গড়া ইংল্যান্ড সহজ জয় পেয়েছে। ইংলিশ ক্রিকেটে জস বাটলারের দ্রুততম শতক ও জ্যাসন রয়ের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতকে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

৮৪ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েন মর্গ্যানের দল।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৫৫ রান করে ইংল্যান্ড। জবাবে ৪০ ওভার ৪ বলে ২৭১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।  

লক্ষ্য তাড়া করতে নেমে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান সংগ্রহ করে পাকিস্তান। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষরক্ষা করতে পারেনি দলটি।

পাকিস্তানের প্রথম আট ব্যাটসম্যান সবাই দুই অঙ্কে পৌঁছান। তবে শোয়েব মালিক (৫২) ও বাবর আজম (৫১) ছাড়া আর কেউ অর্ধশতক পর্যন্ত যেতে পারেননি।

তৃতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক আজহার আলি। রান আউট হওয়ার আগে ৩৭ রান করেন মোহাম্মদ হাফিজ। এছাড়া ২৪ রান করে আসে সরফরাজ আহমেদ ও আনোয়ার আলির ব্যাট থেকে।

পাকিস্তানের ইনিংসে অর্ধশত রানের জুটি একটিই। তৃতীয় উইকেটে হাফিজ-বাবরের ৬৫ রানের জুটি ভাঙে হাফিজের রান আউটে।

ইংল্যান্ডের দুই স্পিনার মইন আলি (৩/৫৩) ও আদিল রশিদ (৩/৭৮) তিনটি করে উইকেট নেন।

এর আগে দলকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে নিজেরই গড়া ওয়াডেতে ইংল্যান্ডের দ্রুততম শতকের রেকর্ড ভাঙেন বাটলার। শুক্রবার ৪৬ বলে শতক পূর্ণ করেন তিনি। ২০১৪ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে শতক করে রেকর্ড গড়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত ১১৬ রান করে অপরাজিত থাকেন বাটলার। ৫২ বলের ইনিংসে ১০টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি।

হার দিয়ে সিরিজ শুরু করা ইংল্যান্ড ৫৪ রানে হারায় প্রথম উইকেট। ২২ রান করে মোহাম্মদ ইরফানের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান অ্যালেক্স হেলস।

সঙ্গী ফিরে গেলেও দৃঢ়তার সঙ্গে ব্যাট করতে থাকেন রয়। দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৪০ রানের জুটি গড়ে বড় ইনিংসের ভিত গড়েন।

এই জুটিতেই ডান-হাতি ব্যাটসম্যান রয় পূর্ণ করেন প্রথম শতক। ১১৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০২ রান করেন তিনি। আর ৭১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৭১ রান করেন রুট।

সাত রানের ব্যবধানে দুই থিতু ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরলে ইংল্যান্ডের বড় ইনিংসের সম্ভাবনা কিছুটা ধাক্কা খায়। দলীয় স্কোর ২২৭ রানে ফিরে যান অধিনায়ক মর্গ্যানও। তবে চার নম্বরে ব্যাট করতে নামা বাটলারের মারকুটে ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ গড়ে দলটি।

শেষ ৫৮ বলে ১২৮ রান করে ইংল্যান্ড। এর মূল কৃতিত্বটাই বাটলারের।

৪০.২ ওভারে মর্গ্যানের আউট হওয়ার পর পঞ্চম উইকেটে জেমস টেইলরের সঙ্গে ৬.৪ ওভারে ৭৯ রানের জুটি গড়েন বাটলার। তার মধ্যে টেইলরের রান ১৩। আর ষষ্ঠ উইকেটে মইনের সঙ্গে ৩ ওভারে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়েন বাটলার। যার মধ্যে মইনের রান মাত্র ৪।

পাকিস্তানের ইরফান ও আজহার ২টি করে উইকেট নেন।