জিম্বাবুয়েতে ‘এ’ দলের সিরিজ জয়
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমটিতে জেতায় দুই ম্যাচের সিরিজ ১-০-তে নিজেদের করে নিয়েছে শুভাগত হোমের দল।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বুধবার চতুর্থ দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জয়ের জন্য ২৭৮ রানের আকাশছোঁয়া লক্ষ্যে ছোটেনি অতিথিরা। ২২ ওভারে ৪ উইকেটে ৮৮ রান তুলে ড্র নিশ্চিত করে শুভাগতর দল।
একই মাঠে প্রথম চার দিনের ম্যাচে স্বাগতিকদের ১৪ রানে হারিয়েছিল বাংলাদেশ।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তোলা ৩০৩ রানের জবাবে বাংলাদেশ তাসামুল হক (১০২), শুভাগত (৯২) আর মোসাদ্দেক হোসেনের (৮৫) ব্যাটে ভর করে ৪০২ রান তোলে।
দ্বিতীয় ইনিংসে ব্রায়ান চারি ও (১২৮) ও পিটার মুরের (১০৩) দারুণ ব্যাটিংয়ে ৩৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দিনের শেষ সেশনে শুভগতদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৭৮ রান। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে জিম্বাবুয়ের দরকার ছিল ১০ উইকেটের।
দ্বিতীয় ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ১২ রানে তাসামুল, ২৬ রানে রনি তালুকদার ও ৩০ রানে নাঈম ইসলাম আউট হলে কোণঠাসা হয়ে যায় অতিথিরা।
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে ভালো ব্যাটিং করছিলেন রনি; কিন্তু তিনিও সাজঘরে ফেরেন দলীয় রান পঞ্চাশ পেরুনোর পরপরই; এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৬৬ বলে ছয় চারে ৩০ রান তোলা এই উদ্বোধনী ব্যাটসম্যান।
রনির বিদায়ের পর আর পথ হারায়নি বাংলাদেশ। মোসাদ্দেককে সঙ্গে নিয়ে অধিনায়ক শুভাগত শেষ সেশনের বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেন। শুভাগত ১৯ ও মোসাদ্দেক ২৫ রানে অপরাজিত থেকে ড্র নিশ্চিত করেন।
