২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটকে জিতিয়ে নিজে সেরা হতে চান মুশফিক

বিপিএলে নিজে সফল হলেও দলের সাফল্যের স্বাদ পাননি মুশফিকুর রহিম। এবার সেই আক্ষেপ মেটাতে চান সিলেট সুপারস্টার্সের এই ‘আইকন’ ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:03 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

বিপিএলের গত আসরে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। এবার ভিন্ন মালিকানায় বদলে গেছে দলের নাম, তবে মুশফিক আছেন সিলেটেই। ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ সিলেট সুপার স্টার্সের স্বত্বাধিকারী বলেছিলেন, শুরু থেকে মুশফিককে পেতে চেয়েছিলেন তারা।

গত বিপিএলে ৪৪০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মুশফিক। দুই বিপিএল মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি (৬৭৪) রান তারই । বিদেশি ক্রিকেটারদের মধ্যেও মুশফিকের চেয়ে বেশি রান কেবল ব্র্যাড হজের (৭৫৬)।

তবে দুই আসরে একবারও ফাইনাল খেলতে পারেনি মুশফিকের দল। এবার তাই তার জোড়া লক্ষ্য। বুধবার প্রথমবারের মতো গেছেন সুপার স্টার্সের অনুশীলনে। মিরপুর একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, তার চাওয়া দল ও নিজের সাফল্যের মেলবন্ধন।

“ব্যক্তিগত লক্ষ্য সবারই থাকে। সবাই চায় সর্বোচ্চ রান করতে বা উইকেট নিতে। আমি চেষ্টা করব, দল যেন শীর্ষে থাকতে পারে এবং সেটায় যেন সবচেয়ে বড় অবদান আমার থাকে।” বিপিএলের প্রাথমিক পর্বে দলের লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন মুশফিক। “আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রাথমিক পর্বে সেরা দুইয়ে থাকা। তাহলে ফাইনালে ওঠার জন্য অন্তত দুটি সুযোগ থাকবে।”