আয়েশা, রুমানার নৈপুণ্যে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশের মেয়েরা
নতুন নেতৃত্বে বাংলাদেশের মহিলা ক্রিকেটের যাত্রা হলো শুভ। আয়েশা রহমান আর রুমানা আহমেদের নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মেয়েদের হারিয়েছে জাহানারার নেতৃত্বে প্রথম খেলতে নামা বাংলাদেশ।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার জিম্বাবুয়ের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয়টি ৩৫ রানের।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ।
আয়েশা ও শারমিন আখতার উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন। ৪৫ বলে ৩৫ রান করে শারমিন রান আউট হলে ভাঙে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি।
এর পর আয়েশাও রান আউট হয়ে ফেরেন। এর আগে ৫৪ বলে ৫টি চারে ৫০ রান করেন তিনি।
এ ছাড়া ২১ বলে ৪টি চারে ৩২ রান করেন ফারজানা আলম।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৯০ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন শের্ন মায়ার্স।
৪ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার লেপস্পিনার রুমানা। সালমা খাতুন ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি একই মাঠে হবে আগামী বৃহস্পতিবার।
