২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের বিদায়ী ম্যাচ ড্র

ক্যারিয়ার জুড়ে ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরানো পেসার মিচেল জনসনের শেষটা হলো বড়ই সাদামাটা। বিদায়বেলায় গতির ঝড় তুলতে না পারলেও একেবারে শূন্য হাতেও ফেরেননি, রানবন্যায় অমিমাংসিত ওয়াকা টেস্টের শেষ সেশনে তুলে নিয়েছেন নিউ জিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 06:46 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

পুরনো খবর:

আচমকাই বিদায় বললেন জনসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়টা জয়ের আনন্দে না হলেও একটা স্বস্তি অবশ্য পেতে পারেন জনসন। ব্রিসবেনে প্রথম টেস্ট জেতায় ট্রান্স-তাসমান ট্রফিটা অস্ট্রেলিয়াতেই থাকছে।

প্রথম চার দিনের রানবন্যায় ওয়াকা টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তাই পঞ্চম দিনের শুরুতে জনসন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় সব আলো পড়ে ৩৪ বছর বয়সী এই বোলারের উপর।

সঙ্গে পঞ্চম দিনের শুরুতে কিউই বোলারদের দ্রুত কিছু সাফল্য সামান্য হলেও ম্যাচে নাটকীয়তার আভাস দিয়েছিল। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান স্টিভেন স্মিথ দিনের প্রথম ঘণ্টাতেই বিদায় নেন নিজের নামের পাশে আর ৭ রান যোগ করে।

ট্রেন্ট বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া স্মিথ ১৩৮ রান করেন। তার ১৮৫ বলের ইনিংসটি ১৮টি চার সমৃদ্ধ।

স্মিথের বিদায়ের সাত রানের ব্যবধানে ফিরে যান মিচেল মার্শও (১)। অল্প সময় বাদে ফেরেন আগের দিনের আরেক অপরাজিত সেঞ্চুরিয়ান অ্যাডাম ভোজেস। টিম সাউদির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ভোজেস ২৪০ বলে ১১৯ রান করেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট পতন থামাতে ব্যাট হাতেও অবদান রাখেন বিদায়ী জনসন। নিউ জিল্যান্ড দলের দেওয়া ‘গার্ড অব অনার’ এর মধ্যে ক্রিজে এসে পিটার নেভিলের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ৬১ রানের জুটি। দলকে পৌঁছে দেন নিরাপদ অবস্থানেও।

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ইনিংসে ৪৫ বলে ২৯ রান করে টিম সাউদির বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন জনসন।

পরে ৭ উইকেটে ৩৮৫ রান করার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। প্রথম ইনিংস ঘোষণা করার আগে ৯ উইকেটে ৫৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড অল আউট হয় ৬২৪ রান করে।

নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় কমপক্ষে ৪৮ ওভারে ৩২১ রান। ওভার প্রতি সাড়ে ছয়েরও বেশি। পরে নিউ জিল্যান্ডের ইনিংসে বৃষ্টি নামলে নাটকীয়তার কিঞ্চিৎ সম্ভাবনাও শেষ হয়ে যায়।

দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বল মাঠে গড়ালেও সেটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে সুযোগটা ভালোই কাজে লাগান জনসন, দ্রুত দুই উইকেট তুলে নিয়ে বিদায়ী মুহূর্তটা কিছুটা হলেও রাঙিয়ে নেন তিনি।

একাদশ ওভারের দ্বিতীয় বলে হেইজেলউডের হাতে ক্যাচ দেন টম ল্যাথাম (১৫)। আর পঞ্চদশ ওভারের পঞ্চম বলে জো বার্নসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মার্টিন গাপটিল।

খেলা শেষের আগে ২৮ ওভারে দুই উইকেট হারানো নিউ জিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১০৪।

ক্যারিয়ারে মোট ৭৩ টেস্টে ৩১৩টি উইকেট পাওয়া জনসনকে মাঠ ছাড়ার সময় দু’পাশে দাঁড়িয়ে এবার ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা।