উইলিয়ামসনের ব্যাটে নিউ জিল্যান্ডের লড়াই
কেন উইলিয়ামসন আরও একবার দাঁড়িয়ে গেছেন দলের ভরসা হয়ে। অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে নিউ জিল্যান্ড লড়ছে সাম্প্রতিক সময়ে দলের সেরা এই ব্যাটসম্যানের ব্যাটে।
পার্থ টেস্টে ৯ উইকেটে ৫৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২৪৪ রানে দিন শুরু করা ডেভিড ওয়ার্নার আউট হন ২৫৩ রানে। নিউ জিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৪০ রানে। ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।
আগের টেস্টে দলের বড় হারের মাঝেও ১৪০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন উইলিয়ামসন। এবারও তার ব্যাট দারুণ স্বচ্ছন্দ। যদিও ব্যাটিংয়ের মতো বল হাতেও অস্ট্রেলিয়ার শুরুটা ছিল ভালো। ইনিংসের তৃতীয় ওভারেই ভেতরে ঢোকা দারুণ এক লেট সুইংয়ে মার্টিন গাপটিলকে (১) ফেরান মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার রানের বোঝার সঙ্গে তখন কিউইদের কাঁধে যোগ হয় দ্রুত উইকেট হারানোর চাপ।
কিন্তু তিনে নামা উইলিয়ামসনের ব্যাটে উবে যায় সব চাপ। দ্বিতীয় উইকেটে টম ল্যাথামের (৩৬) সঙ্গে গড়েন তিনি ৮১ রানের জুটি। রস টেলরের (২৬) সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতেও উঠে গেছে ৫৩ রান। ১১ চারে ৭০ রানে অপরাজিত উইলিয়ামসন।
কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর আর ডানা মেলতে পারেনি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। রানের জন্য হাঁসফাঁস করতে করতে তেড়েফুঁড়ে শট খেলে আউট হয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৬৮ বলে ২৭)। প্রায় ২ ঘণ্টায় অ্যাডাম ভোজেস করেছেন ৪১। মারমুখি মিচেল মার্শকেও ৩৪ রান করতে খেলতে হয়েছে ৬৪ বল। শেষ দিকে ৩৫ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংস ঘোষণা করে তারা ৯ উইকেটে ৫৫৯ রানে।
নিউ জিল্যান্ডের অফ স্পিন মার্ক ক্রেইগ ৩ উইকেট নিয়েছেন ১২৩ রানে। দুটি করে নিয়েছেন ম্যাট হেনরি, ডগ ব্রেসওয়েল ও ট্রেন্ট বোল্ট।
