২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু থেকেই ওয়ালারের লক্ষ্য ছিল জুবায়ের

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পাল্টা আক্রমণের শুরুটা হয়েছিল জুবায়ের হোসেনের ওভার দিয়ে। অভিষিক্ত এই লেগ স্পিনারের প্রথম ওভারে ১৭ রান নিয়ে রানের গতিটা বাড়িয়ে দিয়েছিলেন ম্যালকম ওয়ালার। ম্যাচ সেরা এই খেলোয়াড় জানিয়েছেন, শুরু থেকেই জুবায়েরকে চাপে ফেলার লক্ষ্য ছিল তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 09:41 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি অভিষেক হয় ২০ বছর বয়সী জুবায়েরের। এর আগে এই সংস্করণে কোনো ম্যাচ খেলেননি তিনি।

প্রথম বলটি দারুণ ছিল জুবায়েরের। সজোরে হাঁকিয়েছিলেন ওয়ালার, একটুর জন্য বল ব্যাটের কানা নেয়নি, স্টাম্পেও লাগেনি অল্পের জন্য।

পরের বলটি ছিল শর্ট; কাট করে কাভার দিয়ে সীমানার বাইরে পাঠান আগের ওভারেই ক্রিজে আসা ওয়ালার। পরের দুই বলে লং অন দিয়ে বিশাল দুটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান।

পঞ্চম বলে নেন এক রান। নাসির হোসেনের করা পরের ওভারে দুটি করে ছক্কা ও চারে ২০ রান নেন ওয়ালার।

ওয়ালারের ৬৮ রানের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখেই ৪ উইকেটে জিতে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়ালার শুরুতেই জুবায়েরের ওপর চড়াও হওয়ার কারণটা জানান, “আমার মনে হয়, এই প্রথম সিরিজে জুবায়ের বল করেছে। এটা সিরিজে তার প্রথম ম্যাচ ছিল। তাই তাকে চাপে রাখা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়েছে, সেই সময়ে লক্ষ্য করার জন্য সেই ছিল সঠিক বোলার।”

প্রথম ওভারে ১৭ রান দেওয়ার পরও জুবায়েরের ওপর আস্থা হারাননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে লেগ স্পিনারকে দিয়ে আরেকটি ওভার করান তিনি। সেই ওভারে ৩ রান দিয়ে অতিথিদের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন জুবায়ের।