সাইফের শতকে জিম্বাবুয়েকে হারাল তরুণরা
সাইফ হাসানের শতকে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই ৫৮ রানে হারিয়েছে স্বাগতিকরা।
এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামী শনিবার হবে তৃতীয় ওয়ানডে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ।
পিনাক ঘোষের সঙ্গে ১৮০ রানের জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সাইফ। ৬৫ রান করে পিনাকের বিদায়ে ভাঙে ৪০.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি। পরের ওভারে ফিরে যান ম্যাচ সেরা সাইফও। ১৫৬ বলে খেলা তার ১০০ রানের ইনিংসটি সাজানো ১২টি চারে।
এরপর নাজমুল হোসেন শান্ত (২০) ও সাঈদ সরকার (২২) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় শেষ পর্যন্ত আড়াইশ’ রানও করতে পারেনি স্বাগতিকরা।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার উইলিয়াম মাশিঙ্গে।
জবাবে ৪৬ ওভার ১ বলে ১৮৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাট দ্রুত ফিরে গেলেও তোফায়েল জহির ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে অতিথিদের ২ উইকেটে ১৩৫ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান।
পরপর দুই ওভারে মারে ও জহিরকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন। পাকিস্তানের জন্ম নেওয়া জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যান জহির করেন সর্বোচ্চ ৬৫ রান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো অতিথিরা শেষ পর্যন্ত দুইশ’ রানও করতে পারেনি। মাশিঙ্গে (২৬) ছাড়া অতিথিদের শেষ সাত ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
৩০ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার শাওন। এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও আরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন।
