জিম্বাবুয়েকে শ্রদ্ধা করার অনুরোধ মাশরাফির
বাংলাদেশে এসে পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশড হলো জিম্বাবুয়ে। তবে তাদের তাচ্ছিল্য না করতে অনুরোধ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার তৃতীয় ম্যাচ ৬১ রানে জিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গত বছরও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৫-০ ব্যবধানে। এই জয়কে তাই বড় করে দেখতে নারাজ অনেকেই। প্রতিপক্ষ হিসেবে সবার কাছে যথেষ্ট সম্মানও পাচ্ছে না জিম্বাবুয়ে।
সিরিজ শেষে শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে দুর্বল প্রতিপক্ষের প্রসঙ্গ উঠতেই মাশরাফি মনে করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের অতীত।
“একটা সময় আমাদেরও অনেক লড়াই করতে হয়েছে। খুব বেশি আগে যেতে বলছি না, এই তো গত বছরই আমরা অনেক ম্যাচ ভালো খেলতে খেলতে হেরে গিয়েছি। বাজে সময় সবারই আসতে পারে।”
জিম্বাবুয়েকে উড়িয়ে না দিয়ে প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধ করলেন অধিনায়ক।
“ওদের জন্য কাজটা খুব কঠিন ছিল, কারণ হঠাৎ করেই জানতে পেরেছে যে বাংলাদেশে আসতে হবে। এটাও মাথায় রাখতে হবে। আমরাও এক সময় এভাবে হেরেছি। ওদের তাই আমাদের শ্রদ্ধা করা উচিত।”
