২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে শহীদের তোপ, হাসানের ব্যাটিং বীরত্ব

দিনের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলকে পথ দেখিয়েছিলেন পেসার মোহাম্মদ শহীদ। শেষ বেলায় অসাধারণ বোলিং করেও ১৭ উইকেট পতনের দিনে অতিথিদের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। মাঝে জিম্বাবুয়ে ‘এ’ দলের বোলারদের দারুণ চাপের মধ্যেও দলকে লড়াই করার ছোট্ট পুঁজি এনে দিয়েছেন নুরুল হাসান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ২১ রান। জয়ের জন্য আরও ১২৩ রান চাই স্বাগতিকদের।

ভুসি সিবান্দা ৭ ও নাইটওয়াচম্যান ডোনাল্ড টিরিপানো শূন্য রানে ব্যাট করছেন।

জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শহীদের তোপে শুরুতেই বিপদে পড়েছে জিম্বাবুয়ে।

তৃতীয় ওভারে জোড়া আঘাতে ব্রায়ান চ্যারি ও প্রথম ইনিংসে শতক করা পিটার মুরকে ফিরিয়ে দেন শহীদ। এরপর অতিথিদের অন্যতম ব্যাটিং ভরসা হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। 

চারটি মেডেনসহ শহীদ ৬ ওভার বল করে ৭ রানে নেন তিন উইকেট।

এর আগে ৬ উইকেট ৩২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। শহীদের তোপে ৩২৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। আগের ৭৮ রান করা রায়ান বার্ল কোনো রান না করেই এদিন শহীদের বলে এলবিডব্লিউ হয়ে যান।

এরপর ট্রেভর গারউই ও নাটসাই মুশাঙ্গেকেও ফেরান শহীদ। তার উইকেটের মাঝে জয়লর্ড গাম্বিকে বোল্ড করেন তাইজুল ইসলাম। ৮০ রানে চার উইকেট নিয়ে প্রথম ইনিংসে তিনিই দলে সেরা বোলার।

দুই পেসার শহীদ (৩/৫৬) ও আবু জায়েদ রাহী (৩/৭৫) তিনটি করে উইকেট নেন।

৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ১০০ রানের মধ্যে প্রথম ৬ ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় শুভাগত হোম চৌধুরীর দলটি।

উইকেটে থিতু হয়ে ফিরে যান সাদমান ইসলাম (২৮), মোসাদ্দেক হোসেন (১৮) ও শুভাগত (২৫)।

সাকলাইন সজীবের সঙ্গে ৭৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হাসান। ১৯ রান করে সাকলাইন ফিরে গেলে আর কেউ খুব একটা সঙ্গ দিতে পারেননি তাকে।

শেষ পর্যন্ত হাসানের অপরাজিত ৭৯ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২১১ রান করে বাংলাদেশ। হাসানের ১২৮ বলের ইনিংসটি গড়া ১০টি চারে।

৪১ রানে ৫ উইকেট নিয়ে গারউই জিম্বাবুয়ের সেরা বোলার।