২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় অবশেষে জয় পেল উইন্ডিজ

শ্রীলঙ্কা সফরের শেষে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে দুই ম্যাচের সিরিজটি ১-১ ড্র করেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:44 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

ডোয়াইন ব্র্যাভোর বোলিং নৈপুণ্যে ম্যাচটি ২৩ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ ৩০ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।

সফরের শুরুতে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সবকটিতে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের মারুমুখী ব্যাটিংয়ে ৬.২ ওভারে ৬২ রান তোলে দলটি।

চার্লস ২৫ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৪ রান করেন। আর ফ্লেচার ২১ বলে ৪টি চারে ২৩ রান করেন।

দ্রুত তিনটি উইকেট হারালে বিপদে পড়ে যায় দলটি। তবে পঞ্চম উইকেটে দিনেশ রামদিন ও ডোয়াইন ব্র্যাভো ৪১ রানের জুটিতে ৬ উইকেটে ১৬২ রানের লড়াই করার মতো ইনিংস গড়ে অতিথিরা।

৩১ বলে ৩১ রান করে আউট হন ব্র্যাভো। আর ২২ বলে ১টি চার ও ২ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন রামদিন।

লাসিথ মালিঙ্গা ও মিলিন্দা শ্রিবর্ধনে ২টি করে উইকেট নেন।

জবাবে তিলকরত্নে দিলশানের অর্ধশতকে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। এক সময় তাদের স্কোর ছিল ১ উইকেটে ৯৩। কিন্তু দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৩৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

সর্বোচ্চ ৫২ রান করেন দিলশান। ৩৮ বলের ইনিংসে ৫টি চার মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে শেহান জয়াসুরিয়ার ব্যাট থেকে।

অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হওয়া ব্র্যাভো ২৮ রান খরচায় ৪ উইকেট নেন।