টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ডি ভিলিয়ার্স
আইসিসির টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
মোহালিতে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শেষ হয় গত শনিবার। আর ব্রিসবেনে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড টেস্ট শেষ হয় গত সোমবার। এর পর মঙ্গলবার আইসিসির সবশেষ টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
তিন দিনেই মোহালি টেস্ট হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের দুই ইনিংসে ৬৩ ও ১৬ রান করেন ডি ভিলিয়ার্স। অন্য দিকে ব্রিসবেনে নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট জিতলেও দুই ইনিংস মিলিয়ে ৪৯ রান (৪৮ ও ১) রান করেন স্মিথ। ডি ভিলিয়ার্স এখন স্মিথের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছেন।
ডি ভিলিয়ার্স টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথম ওঠেন ২০১২ সালে। এই অবস্থানে তিনি সবশেষ ছিলেন এ বছরের জানুয়ারি মাসে।
ইংল্যান্ডের জো রুট আগের সেই তৃতীয় স্থানেই আছেন। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হাশিম আমলাও তার চতুর্থ স্থান ধরে রেখেছেন। তবে ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে ১৪০ ও ৫৯ রান করা নিউ জিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন দুই ধাপ এগিয়ে আছেন পঞ্চম স্থানে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই শতক করা ডেভিড ওয়ার্নারও দুই ধাপ এগিয়েছেন। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী সপ্তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান।
এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে আছেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর দুই ধাপ নিচে নেমে পাকিস্তানের ইউনুস খান আছেন অষ্টম স্থানে। ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক এক ধাপ পিছিয়ে আছেন নবম স্থানে। আর পাকিস্তানের মিসবাহ-উল হক আগের সেই দশম স্থানেই আছেন।
আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের প্রথম চারটি অবস্থানে কোনো হেরফের হয়নি। যথারীতি শীর্ষ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তৃতীয় স্থানটি ধরে রেখেছেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। আর চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
বোলিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার।
