জিম্বাবুয়েতে মোসাদ্দেক, সাকলাইনের দৃঢ়তা
মোসাদ্দেক হোসেনের অর্ধশতক ও সাকলান সজীবের দৃঢ়তায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৮ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। দিনের শেষ বেলায় বল করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ব্রায়ান চ্যারিকে ফিরিয়ে দিয়েছে অতিথিরা।
সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারায়।
রনি তালুকদারের (১৮) সঙ্গে সাদমান ইসলামের ৪৩ রানের জুটিতে শুরুটা ভালো হয়েছিল অতিথিদের। তবে ৭২ রানে সাদমান (৩৪) ও নাঈম ইসলামের (১৫) বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
তরুণ মোসাদ্দেক এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে শুভাগত হোম চৌধুরী (৯), মাহমুদুল হাসানের (১০) দ্রুত বিদায় দলের ওপর চাপ আরও বাড়ায়।
উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসানের (১৮) সঙ্গে ৪৭ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মোসাদ্দেক। পরে সাকলাইনের সঙ্গে ৩৬ রানের আরেকটি জুটি গড়েন তিনি।
ভুসি সিবান্দার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে সর্বোচ্চ ৬৬ রান করেন মোসাদ্দেক। তার ৯৯ বলের ইনিংসটি ৭টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
নবম উইকেটে মোহাম্মদ শহীদের সঙ্গে সর্বোচ্চ ৫২ রানের জুটিতে দলের সংগ্রহ আড়াইশ’ পার করেন সাকলাইন। ৩১ রান করে শহীদ সিবান্দার শিকারে পরিণত হলে আর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস।
শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন ছক্কা দিয়ে শুরু করা সাকলাইন। তার ১০৭ বলের ইনিংসে রয়েছে আরও ৬টি চার।
৩২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার সিবান্দা।
শেষ বেলায় চার ওভার বল করার সুযোগ হয় অতিথিদের। এর মধ্যেই চ্যারিকে ফিরিয়ে দেয় তারা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে স্টাম্পড হয়ে যান চ্যারি। দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ এক উইকেটে শূন্য রান।
