বড় জয়ে শুরু স্মিথের অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক হিসেবে স্টিভের স্মিথের শুরু হলো দারুণ এক জয়ে। ব্রিসবেনে প্রথম টেস্টে নিউ জিল্যান্ডকে ২০৮ রানে হারিয়েছে স্বাগতিকরা।
চতুর্থ ইনিংসে ৫০৪ রান তাড়ায় আগের দিনই ১৪২ রানে ৩ উইকেট হারিয়েছিল নিউ জিল্যান্ড। শেষ দিনে কিউই ব্যাটসম্যানরা নয়, অস্ট্রেলিয়ার বেশি শঙ্কা ছিল আবহাওয়া নিয়ে। চোখ রাঙানি ছিল বৃষ্টির। শেষ পর্যন্ত অবশ্য অস্ট্রেলিয়ান বোলারদের তোপে উড়ে গেছে সব শঙ্কা।
শেষ দিনে লাঞ্চের আগেই জয় তুলে নিয়েছে স্মিথের দল। রস টেলরকে (২৬) ফিরিয়ে সাতসকালেই শুরুটা করেছিলেন জশ হেইজেলউড। এরপর যা একটু পাল্টা জবাব দিয়েছেন, কেবল ব্রেন্ডন ম্যাককালামই। ১০ চার ও ২ ছক্কায় ৮০ বলে ৮০ রান কিউই অধিনায়কের। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শেষ হয়েছে ম্যাককালামের ইনিংস।
তবে ম্যাচের ফলাফলে সেই সিদ্ধান্তের প্রভাব ছিল সামান্যই। শেষ দিনে মাত্র ২৫.৩ ওভারেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ড গুটিয়ে গেছে ২৯৫ রানে। ৩টি উইকেট নিয়েছেন নাথান লায়ন; দুটি করে হেইজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ। মিচেল জনসন নিয়েছেন একটি।
ক্যারিয়ারে তৃতীয়বাবেরর মতো এক টেস্টে জোড়া শতক করে ম্যাচ-সেরা ডেভিড ওয়ার্নার।
