প্রশ্নবিদ্ধ সুনিল নারাইনের অ্যাকশন
যে শঙ্কায় বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন সুনিল নারাইন, শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। প্রশ্নবিদ্ধ হয়েছে ক্যারিবিয়ান অফ স্পিনারের বোলিং অ্যাকশন।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নারাইনের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা।
আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম প্রশ্নবিদ্ধ হলো নারাইনের অ্যাকশন। তবে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার অ্যাকশন।
পরে অ্যাকশন নিয়ে কাজ করার জন্য ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর থেকে প্রত্যাহার করে নেন নিজেকে। এবছর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ তাকে দলে রাখলেও অ্যাকশন আরও শোধরাতে আবারও সরিয়ে নেন নিজেকে।
এই শ্রীলঙ্কা সফর দিয়েই আবার ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরার পর প্রথম দুই ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু তৃতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ হল অ্যাকশন।
নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে নারাইনকে। সেটির ফল না আসা পর্যন্ত চালিয়ে যেতে পারবেন বোলিং।
