২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামুয়েলসের শতকও জেতাতে পারল না উইন্ডিজকে

শ্রীলঙ্কা সফরে হেরেই চলেছে ওয়েস্ট ইন্ডিজ। মারলন স্যামুয়েলসের অপরাজিত শতকেও জয় পায়নি দলটি। বোলারদের দাপটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানে জিতেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 12:38 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

এই জয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ ঘরে তুলল শ্রীলঙ্কা। এর আগে ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজও জিতেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

শনিবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দুই বার বৃষ্টির বাধায় পড়ে। চতুর্থ ওভারে প্রথমবার কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও তখন কোনো ওভার কমেনি। ২৪তম ওভারে আবারও বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৬ ওভারে।

দ্বিতীয়বার বৃষ্টি নামার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৩.৩ ওভারে ৬ উইকেটে ১০৫ রান। স্যামুয়েলসের শতকে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৬ রান করে অতিথিরা। কিন্তু জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯০ রান।

শ্রীলঙ্কা ইনিংসের ৩২ ওভার ৩ বলের সময় আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় ৫ উইকেটে ১৮০ রান করা স্বাগতিকরা ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জেতে ১৯ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে কুশল পেরেরার অর্ধশতকে শুরুটা ভালো হয় শ্রীলঙ্কার। তিলকারত্নে দিলশানের সঙ্গে ৪০ ও লাহিরু থিরিমান্নের সঙ্গে ৫৫ রানের দুটি জুটিতে দলকে ভালো শুরু এনে দেন কুলশ পেরেরা।

দিলশান ও থিরিমান্নে দুই জনই ফেরেন ২১ রান করে। অর্ধশতক করে কুশল পেরেরা (৫০) ফিরে গেলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে অধিনায়ক ম্যাথিউসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় শ্রীলঙ্কা।

দিনেশ চান্দিমালের ২৩, মিলিন্দা সিরিবর্ধেনের ১৭ রানের ছোট্ট কিন্তু কার্যকর দুটি ইনিংসের অবদানও কম নয়।

এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানে ফিরে যায় প্রথম চার ব্যাটসম্যান। স্যামুয়েলস ছাড়া দুই অঙ্কে পৌঁছতে পারেননি প্রথম সাত ব্যাটসম্যানের আর কেউ।

দুই অঙ্কে পৌঁছলেও স্যামুয়েলসকে খুব একটা সঙ্গে দিতে পারেননি এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা অধিনায়ক জেসন হোল্ডার (১৯) ও কার্লোস ব্রেথওয়েইট (১৮)। প্রায় একার লড়াইয়ে দলের সংগ্রহ দুইশ’ পার করেন আগের ম্যাচে অর্ধশতক পাওয়া স্যামুয়েলস।

শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থাকা স্যামুয়েলসের ৯৫ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও একটি ছক্কায়।

হতাশা নিয়েই নবম ওয়ানডে শতকের জন্য ম্যাচ সেরার পুরস্কার নেন স্যামুয়েলস। সিরিজ সেরা হয়েছেন কুশল পেরেরা।