প্রস্তুতি ম্যাচের সুফল পেলেন মুশফিক
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে মুশফিকুর রহিমের থাকাটা একটা বড় চমকই ছিল। দলকে জয় এনে দেওয়ার পর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি নিজে থেকেই প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন, যার সুফল পেয়েছেন প্রথম ওয়ানডেতে।
গত বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ৮৪ বলে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন মুশফিক।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে এল্টন চিগুম্বুরাদের বিপক্ষে ১৪৫ রানের জয়ে শতক করেন মুশফিক। ১০৭ রানের ইনিংসটি তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার।
খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিই ছিল প্রস্তুতি ম্যাচে খেলা নিয়ে। মুশফিক জানান, তিনিই প্রস্তুতি ম্যাচে খেলার জন্য কোচকে অনুরোধ জানিয়েছিলেন।
“প্রস্তুতি ম্যাচটি আমি নিজ থেকেই খেলতে চেয়েছি। জাতীয় লিগে আমি অনেকগুলো ইনিংস খেলেছি। কিন্তু আমার মান অনুযায়ী সেখানে রান করতে পারিনি। প্রস্তুতির একটু ঘাটতি ছিল। তাই কোচকে অনুরোধ করেছিলাম যেন ব্যাটিংটা একটু করতে পারি।”
প্রস্তুতি ম্যাচের ইনিংস শনিবারের ম্যাচে আত্মবিশ্বাস জুগিয়েছে মুশফিককে। নবম ওভারে তিনি যখন ক্রিজে আসেন দল তখন চাপে। ৩০ রানে দুই উইকেট হারানো স্বাগতিকরা লড়াইয়ের পুঁজি পায় তার ব্যাটিং বীরত্বে।
“প্রস্তুতি ম্যাচটি খেলে রান করে কিছুটা ভালো লেগেছে। হয়ত শুরুতে একটু কষ্ট হয়েছে। তবে আমি বুঝতে পেরেছিলাম, যে আমি ছন্দেই আছি। আমার শুধু উইকেটে একটু সময় লাগবে।”
মুশফিক বলেছেন বটে উইকেটে একটু সময় লাগবে কিন্তু প্রথম ওয়ানডেতে থিতু হতে মোটেও সময় নেননি তিনি। প্রায় একই ছন্দে খেলেছেন ১০৯ বল স্থায়ী ইনিংসটি। ৫২ বলে অর্ধশতক করা টেস্ট অধিনায়ক নিজের রান তিন অঙ্কে নিয়ে যান ১০৪ বলে।
“ওটার (প্রস্তুতি ম্যাচের ইনিংসটার) জন্যে আত্মবিশ্বাসী ছিলাম। আজকে গিয়ে যখন পাঁচ-সাতটা বল ভালো খেললাম, ব্যাটে লাগল তখনই বুঝতে পারলাম, স্বাভাবিক খেলাটা খেললে বড় স্কোর হবে।”
