২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিন, পুজারায় ভারতের দিন

ডিন এলগার ও হাশিম আমলার পর প্রতিরোধ গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তারপরও মোহালি টেস্টের প্রথম ইনিংসে লিড নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও অমিত মিশ্রর দারুণ বোলিংয়ে প্রথম টেস্টে ১৭ রানের লিড নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পুজারার দারুণ ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি গড়ছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 03:39 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২৫ রান। পুজারা ৬৩ ও বিরাট কোহলি ১১ রানে ব্যাট করছেন। পুজারার ১০০ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছক্কায়।

৮ উইকেট হাতে নিয়ে ভারত ১৪২ রানে এগিয়ে রয়েছে।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া শিখর ধাওয়ান এবারও রান করতে পারেননি। আবারও ভার্নন ফিল্যান্ডারের বলে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তৃতীয় ওভারেই প্রথম উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকাকে পরের উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ৩৪তম ওভার পর্যন্ত। ততক্ষণে দ্বিতীয় উইকেটে মুরালি বিজয়ের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে লিড একশ’ পার করেন পুজারা।

লেগ স্পিনার ইমরান তাহিরের বলে বদলি ফিল্ডার টেম্বা বাভুমার দারুণ ক্যাচে পরিণত হয়ে বিজয়ের বিদায়ে ভাঙে ৩০.৪ ওভার স্থায়ী দ্বিতীয় উইকেট জুটি। দিনের বাকি সময়টুকু কোহলিকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন পুজারা।

শুক্রবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ১৯ রানের জুটিকে এদিন ৭৬ পর্যন্ত এগিয়ে নেন এলগার ও আমলা।

দিনের শুরুতে টিকে থাকার পর অধৈর্য্য হয়ে পড়া এলগারকে ৩৭ রানে ফিরিয়ে অতিথিদের প্রতিরোধ ভাঙেন অশ্বিন। পরে আমলাকেও (৪৩) ফেরান এই অফ স্পিনার। তার বলে স্টাম্পড হয়ে বিদায় নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

তারপর থেকে প্রায় একাই খেলতে হয়েছে ডি ভিলিয়ার্সকে। অতিথিদের শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। কারও খুব একটা সহায়তা না পেলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন ডি ভিলিয়ার্স।

কিন্তু ১৪ রানে শেষ চার উইকেট হারানোয় লিড পাওয়া হয়নি টেস্ট র‍্যাংঙ্কিংয়ের সেরা দলটির। ১৮৪ রানে অতিথিদের অলআউট করে ১৭ রানের লিড নেয় কোহলির দল।

নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৬৩ রান করেন ডি ভিলিয়ার্স। তার ৮৩ বলের ইনিংসটি গড়া ৬টি চারে।

৫১ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। টেস্টে এ নিয়ে ১৩ বার পাঁচ উইকেট পেলেন এই অফ স্পিনার। এছাড়া বাঁহাতি স্পিনার জাদেজা ৩ উইকেট নেন ৫৫ রানে। ডি ভিলিয়ার্সকে ফেরানো লেগ স্পিনার মিশ্র ২ উইকেট নেন ৩৫ রানে।

এর আগে প্রথম ইনিংসে ২০১ রান করে ভারত।